অলস্পোর্ট ডেস্ক: অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না আসার অনড় মনোভাবের ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিয়েই ফেলল আইসিসি। আইসিসির বোর্ডের সদস্যের উপস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের বোঝানোর চেষ্টা হয়েছিল, ভারতে খেলতে না আসার জেদ ছেড়ে টি২০ বিশ্বকাপে অংশ নিতে। কিন্তু বিসিবির কর্তা সভাপতি আমিনুল ইসলাম বারবারই নিরাপত্তার অভাববোধের দোহাই দিয়ে ভারতে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এর ফলে ভোটের সাহায্য নিতে হয় বোর্ডের মত জানতে। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও হাজির ছিলেন। জানা গেছে, ভোটাভুটিতে পিসিবির কর্তা ছাড়া আর কেউ বাংলাদেশকে সমর্থন করেননি ভোটে।
ফলে বাকি বোর্ডের কর্তা, ডিরেক্টাররা একমত হন বাংলাদেশকে আর ২৪ ঘন্টা সময় দেওয়া হবে, নিজেদের চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে। আর কোনও আলোচনা বা আবেদন শোনা হবে না। এরপর যদি ভারতে এসে খেলতে অস্বীকার করে বাংলাদেশ, তাহলে টি২০ বিশ্বকাপে তাদের আর রাখা হবে না। সে জায়গায় নেওয়া হবে স্কটল্যান্ডকে। আইসিসি বোর্ডের সদস্যরা একটা শেষ সুযোগ দিয়েছেন বাংলাদেশকে ভেবে দেখার জন্য। বিশেষ করে বিসিবির কর্তা আমিনুল ইসলাম বাংলাদেশ সরকারের কাছে বোর্ডের রায় জানিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাড়তি সময় চাওয়ায়।
আমিনুল জানিয়েছেন, বিশ্বকাপে কে না খেলতে চায়? তাঁর দেশের ক্রিকেটাররাও টি২০ বিশ্বকাপে অংশগ্রহণে প্রবল আগ্রহী। কিন্তু সেটা দেশের সম্মান ও বাংলাদেশের ক্রিকেটার, মানুষের নিরাপত্তার সঙ্গে আপোস করে নয়। ভারতের মাঠে খেলাটা তাঁরা নিরাপদ মনে করেছেন না। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে চুড়ান্ত মত জানাবেন। তবে বাংলাদেশ সরকারের ওপর কোনও চাপ দেবেন না ভারতের মাঠে খেলার জন্য। এর আগে বিভিন্ন সময়ে নামা কারণে টুর্নামেন্টের ভেনু বদল হয়েছে। তাঁরা তো শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দেওয়ার কথা বলেছিলেন। আয়ারল্যান্ডকে ভারতের মাটিতে খেলতে পাঠিয়ে তাঁদের শ্রীলঙ্কায় খেলানো খুব একটা কঠিন কাজ ছিল না। আইসিসি চাইলে সেটা করতে পারত। এখনও পারে। এমন একটা কিছু ঘটবে আশা রাখছেন এখনও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
