অলস্পোর্ট ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ১-২-এ হেরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু করল ভারত। টি২০ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। সঙ্গে একদিনের সিরিজে হার থেকে ঘুরে দাঁড়ানোরও লক্ষ্য। যদিও দুটো প্রায় আলাদা দল। একদিনের দলে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো এই মুহূর্তে দেশের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটাররা খেলেন এবং অধিনায়কত্ব সামলান এই প্রজন্মের শুভমান গিল। অন্য দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের টি২০ দলে এই প্রজন্মের ক্রিকেটারদের আধিক্য, যেখানে সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার অবশ্যই হার্দিক পাণ্ড্যে। এর পর রয়েছেন সঞ্জু স্যামসন। যদিও দু’জনের ব্যাট থেকে বড় কোনও রান এল না কিন্তু ভারতের জয়ে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৪৮ রানে জিতেই টি২০ সিরিজ শুরু করে দিল ভারত।
এদিন দলে দু’জন পুরো দস্তুর উইকেট কিপারকে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ। ঈশানকে তিন নম্বরে ব্যাট করার জন্যই দলে রাখা হলে জানিয়েছিলেন অধিনায়ক, সঙ্গে তিনি টি২০ বিশ্বকাপ দলেও রয়েছেন, তার আগে তাঁকে দেখে নেওয়াটাও লক্ষ্য। তবে এদিন তিনি ব্যাট হাতে ব্যর্থ। এদিন নাগপুরে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন ১০ রান করে আউট হয়ে যান। এর পর তিন নম্বরে নেমে ঈশানের অবদান ৮ রানে। ২৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর ওপেনার অভিষেক ভর্মার সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব। দু’জনের ব্যাটে ভারতের রান ১০০-র গন্ডি পার করে। সূর্যকুমার ফেরেন ৩২ রানে, অভিষেক ৮৪ রানে।
৩৫ বলে পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৪ রানের ইনিংস খেলেন অভিষেক। এছাড়া হার্দিক পাণ্ড্যে ২৫, শিভম দুবে ৯, অক্ষর প্যাটেল ৫ রান করে আউট হন। লোয়ার অর্ডারে ভারতের রানকে ২০০-র গন্ডি পার করতে সাহায্য করেন রিঙ্কু সিং। ২০ বলে ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৬ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। ২০ ওভারে ২৩৮-৭-এ থামে ভারত। নিউজিল্যান্ডের হয়ে দুটো করে উইকেট নেন জ্যাকব ডাফি ও কেইল জেমিসন। একটি করে উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ইশ সোধি ও মিচেল সাঁতনার।
২৩৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে ০ ও টিম রবিনসন ২১ রানের আউট হয়ে যাওয়ার পর ১ রানে ফেরেন রাচিন রবীন্দ্র। চার ও পাঁচ নম্বরে নেমে কিউই ব্যাটিংয়ের হাল ধরেন গ্লেন ফিলিপ্স ও মার্ক চ্যাপম্যান। ৭৮ ও ৩৯ রানে আউট হন দুই ব্যাটার। ৫২-৩ থেকে দলের রানকে ১৪১-এ নিয়ে যায় এই জুটি। শেষ পর্যন্ত চেষ্টা করেন ড্যারেল মিচেল ও মিচেল সাঁতনার। ড্যারেল মিচেল ২৮ রানে আউট হন, ক্রিস্টিয়ান ক্লার্ক ফেরেন রানের খাতা না খুলেই। ২০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাঁতনার। ২০ ওভারে ১৯০-৭-এ থামে নিউজিল্যান্ড। কিন্তু লক্ষ্য থেকে বেশ কিছুটা আগেই থামতে হয় নিউজিল্যান্ডকে। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন বরুণ চক্রবর্থী ও শিবম দুবে। একটি করে উইকেট অর্শদীপ সিং, হার্দিক পাণ্ড্যে ও অক্ষর প্যাটেলের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
