অলস্পোর্ট ডেস্ক: লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মধ্যে লড়াই যে একটা বিশেষ মাত্রা পাবে সেটা বলাই বাহুল্য। বিশেষ করে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলভক্তদের কাছে। ২০২৬য়ের ফিফা বিশ্বকাপের আগে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে এই ফাইনালিসিমার তারিখ ঠিক করা নিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন সংঘঠকরা। কারণ ঠাসা ক্রীড়াসূচী। অবশেষে তারিখ মিলেছে। আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে ২৭ মার্চ। ওই ইন্টারন্যাশানাল উইন্ডোতেই আরও একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা। একেবারে যাকে বলে সোনায় সোহাগা।
অনেক দেশ মেসি ও ইয়ামালের দ্বৈরথের ম্যাচ আয়োজনের আবেদন করেছিল। কিন্তু শেষপর্যন্ত শিকে ছিঁড়েছে কাতারের কপালে। আর্জেন্টিনা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন ২৭ মার্চ ম্যাচটা কাতারের লুসেইল স্টেডিয়ামে খেলতে রাজি হয়েছে। এই মাঠেই ফ্রান্সকে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিলেন মেসি। তাই এই মাঠের সঙ্গে একটা আলাদা আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে।
লুসেইল স্টেডিয়ামে এই নিয়ে তৃতীয়বার পা রাখবেন মেসি। শুধু স্পেনের সঙ্গে ফাইনালিসিমা ম্যাচেই নয়, ৪ দিন বাদে ৩১ মার্চ কাতার জাতীয় দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেনটিনা। কাতার ফুটবল ফেস্টিভাল ২০২৬য়ে আর্জেন্টিনা ছাড়াও অংশ নিচ্ছে অনেকগুলি দেশ। এর মধ্যে আছে স্পেন ছাড়াও কাতার, মিশর, সৌদি আরব, সার্বিয়া।
এর আগে কাতারের সঙ্গে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেটা ২০১৯ ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকাতে। আর্জেন্টিনা ওই ম্যাচ জিতেছিল ২-০ গোলে। গোল করেছিলেন লওতারো মার্টিনেজ ও সের্জিও আগুয়েরো।
৬ মাসও বাকি নেই ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে। সেটা মাথায় রেখেই বিশ্বকাপের প্রস্তুতিতে জোর দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি। ২০২৫য়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন খুব বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে পারেনি। অ্যাঙ্গোলার ৫০তম স্বাধীনতা বর্ষপূর্তি উপলক্ষে সেদেশের মাটিতে মেসি ও আর্জেন্টিনার ফুটবলাররা একটা ম্যাচ খেলেছিলেন। এখন মার্চের ইন্টারন্যাশানাল উইন্ডো ছাড়া জুন মাসে বিশ্বকাপের ঠিক আগে আর একটা ইন্টারন্যাশানাল উইন্ডো পাবে আর্জেন্টিনা। শোনা যাচ্ছে ওই সময় মেক্সিকো ও হনডুরাসের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে তারা।
ফিফা ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা, সেটা এখনও পরিষ্কার করে কিছু বলেননি। তবে ধরে নেওয়া যেতেই পারে, এতদিন যখন জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেননি মেসি, তখন তিনি ষষ্ঠবারের জন্য বিশ্বকাপের আসরে হাজির থাকবেন আর্জেন্টিনার জার্সিতে খেতাব ধরে রাখতে। বিশ্বকাপে ১৬ জুন কানসাস সিটিতে মেসিদের প্রতিপক্ষ আলজিরিয়া। ২২ জুন ডালাসের মাঠে প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর ওই মাঠেই ২৭ জুন আর্জেন্টিনা খেলবে জর্ডনের বিরুদ্ধে। লিগ পর্বের বাধা পেরিয়ে নকআউটে যাওয়া আর্জেন্টিনার পক্ষে কোনও সমস্যা হওয়ার কথাই নয়। আর মেসি দলে থাকলে তো জলবৎ তরলং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
