প্রাচী যাদব
অলস্পোর্ট ডেস্ক: শনিবার হ্যাংঝৌতে ভারতীয় অ্যাথলিটরা অভূতপূর্ব ইতিহাস রচনা করেছে প্যারা এশিয়ান গেমস-এ রেকর্ড ১১১টি পদক জয় করে। প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দেশ এতটা সাফল্য পেল। এই টুর্নামেন্ট থেকে ভারতের ঝুলিতে এসেছে ২৯টি সোনা, ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ। এমনকি সদ্য শেষ হওয়া হ্যাংঝৌ এশিয়ান গেমসের থেকেও চারটি পদক বেশি পেয়েছে প্যারারা। ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছে। যার মধ্যে রয়েছে চীন (৫২১ পদক: ২১৪ সোনা, ১৬৭ রুপো, ১৪০ ব্রোঞ্জ), ইরান (৪৪টি সোনা, ৪৬টি রুপো, ৪১টি ব্রোঞ্জ), জাপান (৪২ সোনা, ৪৯টি রুপো, ৫৯ ব্রোঞ্জ) এবং কোরিয়া (৩০ রুপো, ৩৩ রুপো, ৩০ ব্রোঞ্জ)।
প্রথম প্যারা এশিয়ান গেমস ২০১০-এ চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত একটি স্বর্ণপদকসহ মোট ১৪টি পদক নিয়ে ১৫তম স্থানে শেষ করেছিল। ২০১৪ এবং ২০১৮ সংস্করণে, ভারত যথাক্রমে আবারও ১৫ এবং নবম স্থানে পেয়েছিল। আর এবারে সোজা পঞ্চম স্থান।
‘‘আমরা ইতিহাস তৈরি করেছি, আমাদের প্যারা অ্যাথলিটরা দেশকে গর্বিত করেছে। তমনি আমরা প্যারিস প্যারালিম্পিকেও টোকিওর চেয়ে বেশি পদক জিতব। তবে, এটা মোটেই আমাদের জন্য বিস্ময়কর ছিল না। আমরা ১১০ থেকে ১১৫টি পদক আশা করেছিলাম এবং সেটাই হয়েছে। আমরা ১১১-তে শেষ করেছি, পাঁচ একটি শুভ নম্বর,’’ ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি দীপা মালিক পিটিআইকে বলেছেন।
বৃহস্পতিবার, ভারত ২০১৮ সংস্করণে ৭২টি পদকের রেকর্ডকেও (১৫টি সোনা, ২৪টি রুপো, ৩৩টি ব্রোঞ্জ) অতিক্রম করেছে। আগেরবারের চেয়ে ৩৯টি বেশি পদক এসেছে এবার এবং ১১১টি পদকের মধ্যে অ্যাথলেটিক্সে (৫৫) সর্বোচ্চ অবদান রয়েছে ভারতের৷ ব্যাডমিন্টনে ভারতীয় শাটলাররা চারটি সোনাসহ মোট ২১টি পদক নিয়ে দ্বিতীয় সর্বাধিক অবদান রেখেছে প্যারায়। দাবা ও তিরন্দাজিতে যথাক্রমে আটটি ও সাতটি পদক এবং শুটিংয়ে ছয়টি পদক এসেছে। সাতটি এসেছে দাবা থেকে, চারটি অ্যাথলেটিক্স থেকে এবং একটি রোয়িং থেকে। শনিবার ভারত চারটি সোনাসহ মোট ১২টি পদক নিয়ে ২০২৩ সংস্করণের যাত্রা শেষ করেছে।
হাংঝৌ প্যারা এশিয়ান গেমসে মোট ৪৩টি দেশ থেকে প্রায় ৪০০০ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছিল। যারমধ্যে, ভারত ৩১৩ জন ক্রীড়াবিদ পাঠিয়েছিল। বিগত সংস্করণগুলির থেকে অনেক বেশি সদস্য এবারে প্রতিযোগিতায় নেমেছিল। রোয়িং, ক্যানোয়িং, লন বল, তায়কোন্দো, এবং অন্ধ ফুটবলে প্রথমবার ভারতীয় ক্রীড়াবিদরা অংশ নেয়। মোট ২২টি খেলার মধ্যে ১৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
