চেস ফর ইয়ুথ-এর উদ্বোধন অনুষ্ঠান
অলস্পোর্ট ডেস্ক: ছ’বছর নানা কারণে চেস ফর ইয়ুথ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার স্বমহিমায় ফিরল বাংলার দাবা প্রতিভা তুলে আনার আঁতুরঘর। এই টুর্নামেন্টের হাত ধরেই বাংলায় উঠে এসেছেন এক সময়ের তারকারা। কে নেই সেই তালিকায়। দীপ্তায়ন থেকে মিত্রাভ। মিত্রাভ এবারও খেলছেন। শুরু করেছিলেন অনূর্ধ্ব-৮ থেকে তার পর অনেক পথ পেরিয়ে এবার তিনি প্রথমবারের মতো খেলছেন সিনিয়র বিভাগ অনূর্ধ্ব-২৫-এ বলছিলেন, “আগে কখনও সিনিয়রে চ্যাম্পিয়ন হওয়া হইনি এবার সেটাই লক্ষ্য।”
এবারের চেস ফর ইয়ুথে অংশ নিচ্ছেন ৫৬২ জন প্রতিযোগী। অনূর্ধ্ব -৬ থেকে সিনিয়র। মোট বিভাগ সাত। তার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-৬, অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২৫। আইসিসিআর-এর অডিটোরিয়াম কচিকাচাদের আনাগোনায় গমগম করছিল। এদিন চেস ফর ইয়ুথের উদ্বোধনে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার ও আয়োজকদের অন্যতম দিব্যেন্দু বড়ুয়া। তিনি বলেন, ‘‘হয়তো আমরা ১৩-র গেড়োয় এতদিন আটকে ছিলাম। শেষ পর্যন্ত সেটা কাটল।’’

১২টি চেস ফর ইয়ুথ হওয়ার পর ছ’বছর বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি এই দাবা টুর্নামেন্ট। ২০০৬ থেকে শুরু হয়ে ২০১৭ পর্যন্ত টানা চলেছিল চেস ফর ইয়ুথ। সেই মঞ্চ বার বার ভরিয়েছেন দাবা বিশ্বের তাবড় ব্যক্তিত্বরা। এদিন দাবার মঞ্চেই দেখা গেল অন্য খেলার মানুষকে। তার মধ্যে অন্যতম সুতীর্থা মুখোপাধ্যায়। সদ্য এশিয়ান গেমস থেকে পদক জিতে ফিরেছেন বাংলার এই মেয়ে। বলছিলেন, ‘‘আমি নিজে কখনও দাবা খেলিনি তবে এখানে এসে এত ছোট ছোট প্রতিযোগীদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এভাবে বাবা মা-র সঙ্গে টুর্নামেন্ট খেলে বেড়াতাম।’’
এদিন টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন ইআইআইএলএম-র চেয়ারম্যান প্রফেসার ডঃ আরপি বন্দ্যোপাধ্যায়, প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের জোনাল ডিরেক্টর মিনাক্ষী মিশ্রা, অলস্পোর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রেনিক শেঠ ও সারা বাংলা দাবা সংস্থার শ্যামল দত্ত। সকলেই দাবা নিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আশা এবার থেকে আরা থমকে যাবে না চেস ফর ইয়ুথের চলা যা প্রতিবছর তুলে আনে বাংলা থেকে নতুন নতুন প্রতিভা।

এবার টুর্নামেন্টে খেলছেন একমাত্র গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ। এছাড়া সম্ভাব্য দুই গ্র্যান্ডমাস্টার নিলাশ ও আরন্যক। যাঁদের ঘিরে স্বপ্ন দেখছে দাবার বাংলা। এই মুহূর্তে বাংলার দাবায় রয়েছেন ১১ জন গ্র্যান্ডমাস্টার। দ্রুত সেটাকে একডজনের সীমা ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এই দু’জন। ৬ নভেম্বর পর্যন্ত চলবে চেস ফর ইয়ুথ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
