অলস্পোর্ট ডেস্ক: শনিবার সকালেই আইসিসির তরফে নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ আর খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্যে । গত ১৯ অক্টোবর বাংলাদেশ ম্যাচে নিজে বলেই ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। সাময়িকভাবে মনে করা হয়েছিল দ্রুতই ফিরে আসবেন তিনি। কিন্তু বাংংলাদেশ ম্যাচের পর আরও তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ফেরা হয়নি হার্দিকের। শেষ পর্যন্ত মনে করা হয়েছিল, সেমিফাইনালে ফিরবেন তিনি, তাও হচ্ছে না। সব মিলে একরাশ হতাশা ভারতীয় শিবির তথা হার্দিক পাণ্ড্যের।
এদিন এক্স-এ পোস্ট করে নিজের সেই হতাশার কথা জানিয়েছেন হার্দিক। তিনি লেখেন, “এটা হজম করা খুব কঠিন যে আমি বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারব না। আমি দলের সঙ্গে থাকব, তাদের জন্য প্রতি ম্যাচের প্রতি বলে গলা ফাটাব। সব ভালবাসা, শুভেচ্ছা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। যা অসাধারণ। এই দল খুব স্পেশাল এবং আমার বিশ্বাস আমরা সবাইকে গর্বিত করতে পারব। ভালবাসা, সব সময়, এইচপি।”
বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এখনও পর্য়ন্ত একটিও ম্যাচ হারেনি তারা। যার ফলে সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দল। সাত ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে ভারতের ঝুলিতে। রবিবার কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। এই ম্যাচের উপরও অনেক কিছু নির্ভর করছে। নেট রান রেটে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে সম সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে প্রোটিয়ারা। ভারতের সামনে অবশ্য জয়ের ধারার ধরে রেখেই সেমিফাইনালে নামার লক্ষ্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
