অলস্পোর্ট ডেস্ক: এভাবেও আউট হওয়া যায়? ১৪৬ বছরেরে ক্রিকেটের ইতিহাসে এমন আউট কখনও কেউ দেখেনি। যার প্রথম শিকার শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। ওডিআই বিশ্বকাপ ২০২৩ প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে, ভাঙছে। তবে এমন ঘটনা ঘটতে পারে তা কেউ ভুল করেও ভাবেনি। এদিন সকালেই ভারতের বিরুদ্ধে বিশ্রী হারের কারণে পুরো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে সে দেশের সরকার। আর সেই দুপুরেই দিল্লিতে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বাংলাদেশ। যারা ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তার সঙ্গে সঙ্গে কি বাংলাদেশের মানবিকতাটাও বিদায় নিয়েছে?
এদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমেছিল। শ্রীলঙ্কা ব্যাটিংয়ের ২৫তম ওভারের ঘটনা। সাদিরা সামারাবিক্রমা আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছেন। সেটি ছিল শ্রীলঙ্কার চতুর্থ উইকেট। তাঁর জায়গায় ব্যাট করতে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ক্রিজে পৌঁছে যাওয়ার পর ম্যাথুস বুঝতে পারেন তিনি ভুল হেলমেট নিয়ে চলে এসেছেন। ছবিতে দেখা যাচ্ছে ম্যাথুস দেখাচ্ছে তাঁর হেলমেটের ফিতে ছেঁড়া।
ততক্ষণে শ্রীলঙ্কার তরফে পরিবর্ত প্লেয়ার সঠিক হেলমেট নিয়ে মাঠে ঢুকে পড়েছেন। কিন্তু বাংলাদেশ তার মধ্যেই ‘টাইম আউট’ দেখিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের আউটের দাবি করে বসেছে। আইসিসি নিয়ম অনুযায়ী ‘টাইমড আউট’এ আউট চাইতেই পারে প্রতিপক্ষ দল। এদিন বাংলাদেশের দাবি মেনে আউট দিয়েও দেন ফিল্ড আম্পায়ার।
এর পর অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেখা যায় রীতিমতো কখনও আম্পায়ার আবার কখনও বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের কাছে এই আউট তুলে নেওয়ার আবেদন জানাতে। কিন্তু কেউই তাতে সাড়া দেননি। এই ঘটনায় রীতিমতো হতাশায় ফেটে পড়েন শ্রীলঙ্কান ব্যাটার। মাঠ থেকে বেরনোর সময় ছুঁড়ে ফেলেন হেলমেট।
এমসিসি-র নিয়ম অনুযায়ী, উইকেট পড়ার পর বা চোট পেয়ে মাঠ ছাড়ার পর যে ব্যাটার মাঠে নামবেন তাঁকে কোনও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বল ফেস করার জন্য তৈরি থাকতে হবে। আর সেই সময়টা হল আউট হওয়ার পর থেকে তিন মিনিট। যদি সেটা না হয় তাহলে যে ব্যাটার সেই মুহূর্তে নেমেছে তিনি ‘টাইম আউট’এর জন্য আউট হয়ে যাবেন।’’
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর খেলার শর্তাবলী যা “টাইম আউট” আউট সম্পর্কিত সেটা হল, “৪০.১.১ উইকেটের পতন বা একজন ব্যাটার রিটায়ার্ড হার্ট নেওয়ার পরে, ইনকামিং ব্যাটারকে, সময় বলা না হলে, বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। অথবা অন্য ব্যাটার বরখাস্ত বা অবসরের ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রয়োজনীয়তা পূরণ না হলে, ইনকামিং ব্যাটার আউট হয়ে যাবে, টাইম আউট।”
ধারাভাষ্য দিতে গিয়ে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা রাসেল আর্নল্ড বলেন, “এই প্রথম আমি এরকম কিছু দেখলাম।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
