অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩ শেষ হওয়ার সঙ্গেই শেষ হয়েছে হেড কোচ রাহুল দ্রাবিড়-এর দু’বছরের চুক্তি। তবে এখনই তিনি তাঁর ভবিষ্যত নিয়ে ভাবতে চান না। তিনি এই ধাক্কা কাটিয়ে ওঠার সময় চান। তাঁর কোচিংয়েই ভারতীয় দল গোটা বিশ্বকাপে নিজেদের সেরা পারফর্মেন্স দিয়ে ফাইনালে পৌঁছেছিল। কিন্তু যার শেষ ভাল তার সব ভাল। এক ধাক্কায় সব ভাল উবে গেল। একটা দিনেই ১০ ম্যাচ জয়ের ধাররা ভেঙে খান খান হয়ে গেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরে রানার্স হয়েই থা্কতে হল ভারতকে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালের বদলা হল না। যে দলের প্লেয়ার ছিলেন রাহুল দ্রাবিড় আর এই দলের কোচ। দুই ব্যর্থতার সাক্ষী থেকে গেলেন তিনি একাই।
তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি তাঁর ভবিষ্যত নিয়ে কী ভাবছেন। তাঁর উত্তরে তিনি বলেন, ‘‘আমি এখনও এটা নিয়ে ভাবিনি। আমি সবে খেলা থেকে ফিরলাম। এখনও এটা নিয়ে ভাবার সময় পাইনি। হ্যাঁ, আমি ভাবব যখন আমি সময় পাব। এই পুরো সময়টা আমি শুধু এই টুর্নামেন্টেই ফোকাস করেছি অন্য কিছু ভাবার অবকাশ ছিল না। তাই আর ভবিষ্যত নিয়ে ভাবার সুযোগ হয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘সত্যি কথা বলতে কী আমি তেমন মানুষ নই যে নিজেকে নিয়ে ভাবে বা বিচার করে। আমি গর্বিত এখানে কাজ করতে পেরে। আমার মনে হয় গত দু’বছর যে প্লেয়ারদের সঙ্গে আমি কাজ করেছি সেটা সৌভাগ্যের।’’ আগামী বছরই রয়েছে টি২০ বিশ্বকাপ। সেখানেও তিনি দলের দায়িত্ব থাকবেন কিনা প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‘আমি ভাবিনি। তবে আমার মনে হয় সবার ফোকাস এই টুর্নামেন্টে এবং এই ম্যাচেই ছিল এবং এখনও সেটাই রয়েছে। আমার কোনও পরিকল্পনা নেই, ভাবিনি। ভবিষ্যতে কী হতে চলেছে তা নিয়ে কোনও পরিকল্পনা নেই।’’
পরের ওডিআই বিশ্বকাপ ২০২৭-এ। সেই সময় এই দলের অনেক সিনিয়র প্লেয়ারই হয়তো আর খেলার জায়গায় থাকবেন না। বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়ার। তবে রাহুল দ্রাবিড় এখনই অত দূরের বিষয় নিয়ে ভাবতে নারাজ। তিনি বলেন, ‘‘আমি সত্যিই ২০২৭ নিয়ে ভাবছি না এবং কে সেখানে যাবে বা যাবে না। সেটার জন্য অনেক সময় রয়েছে। তার আগে ব্রিজের নিচ দিয়ে অনেক জল বয়ে যাবে। তার জন্য অনেক সময় রয়েছে।’’
রোহিত শর্মার প্রশংসাও শোনা গেল দ্রাবিড়ের গলায়। তিনি বলেন, ‘‘ও একজন অসাধারণ লিডার। আপনারা জানেন, রোহিত এই দলকে দারুণ দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছে। ও ড্রেসিংরুমে ছেলেদের সঙ্গে প্রচুর সময়, এনার্জি দিয়েছে। ও যে কোনও আলোচনায়, যে কোনও সময় হাজির থাকত। ও ওর ব্যক্তিগত সময়ও এর মধ্যে দিয়ে দিত। অবশ্যই সবার মতো ও হতাশ। কোচ হিসেবে এটা দেখাটা কঠিন। কারণ আমি জানি ওরা কতটা খেটেছিল। ওদের কাজ, বলিদান যা যা ওরা দিয়েছিল। সত্যিই এটা কঠিন। কারণ ওদের আমি ব্যক্তিগতভাবে জানি।’’
ম্যাচ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‘আমাদের ৪০ রান কম ছিল। তবে আমরা ভয় ডরহীন ক্রিকেট খেলেছি। প্রথম পাওয়ারপ্লে-তে আমাদের ৮০ রান ওঠে। এটা ২৮০-২৯০-এর ট্র্যাক। আমাদের খাতায় যদি আরও ৪০ রান থাকত তাহলে অস্ট্রেলিয়া চাপে থাকত।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
