Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

সুচরিতা সেন চৌধুরী: নর্থ-ইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেদ্রো সরাসরি ভাগ্যকেই দুষলেন। তাঁর মতে, যেদিন যার খারাপ যায় সেদিন কিছুই ভাল হয় না। যেমনটা সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হল। অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের গলায় স্বস্তি, শেষ পর্যন্ত ভাগ্য ফেরাতে পেরেছে দল। একই সময় দাাঁড়িয়ে একদল যখন হারের ধাক্কা সামলে বড় ব্যবধানে জিতে ঘুরে দাঁড়াচ্ছে তখন অন্য দলের গলায় পাঁচ গোল হজমের হতাশা।

নর্থ-ইস্ট কোচ বলছিলেন, “দিনটা আমাদের ছিল না। আর সে কারণেই আমরা সব জায়গায় আজ ব্যর্থ হয়েছি। কোনও ডিপার্টমেন্টই আজ নিজেদের সেরাটা দিতে পারেনি। আজ আমাদের ভাগ্য খারাপ ছিল। তবে এই ম্যাচ ইতিহাস। এই ফল আর আমরা বদলাতে পারব না। তাই আর এটা নিয়ে ভাবতে চাই না। বরং আজকের ভুলগুলো শুধরে সামনের ম্যাচ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করতে চাই।”

ভাগ্যের কথা বলতে গিয়ে জুয়ান পেদ্রো শেষবেলায় দলের পেনাল্টি মিসের কথা উল্লেখ করতে ভোলেননি। একইভাবে এই পেনাল্টি মিসকে ভাগ্য বলেছেন ইস্টবেঙ্গল কোচও। সঙ্গে প্রতিপক্ষের বেশ কিছু গোলের সুযোগ নষ্টের কথাও বলছেন। কুয়াদ্রাত, না হলে ক্লিনশিট সম্ভব হত না। ৫-০, আইএসএল-এর আসরে সব থেকে বড় ব্যবধানে জয় বা হার। চার ম্যাচ পর জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল তাও আবার বিশাল ব্যবধানে। কোচ যদিও বলছেন দীর্ঘদিনের অনুশীলনের ফল। এতদিন কেন এটা সম্ভব হচ্ছিল না সেটা নিয়েই দীর্ঘ কাটাছেড়ার পর এভাবে ঘুরে দাঁড়ানো। আর এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চান তিনি।

এদিনের জোড়া গোলের মালিক ক্লেটন সিলভার মুখেও স্বস্তির হাসি। কোচ বলছেন, “আসলে এটাই ফুটবল। এক একটা দিনের উপর অনেক কিছু নির্ভর করে। তবে আমরা গত চারমাস ধরে নানারকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। সেখান থেকে এখন দলের কম্বিনেশন একটা জায়গায় এসেছে আর এদিনের ফল সেটারই প্রকাশ।” তবে কোচ মেনে নিচ্ছেন, দীর্ঘ লিগ এখনও পরে রয়েছে। এখনই দল কোথায় শেষ করবে সেটা বলা মুশকিল তবে ধারাবাহিকতাটা ধরে রাখার দিকে নজর দেবেন।

মেনে নিলেন বোরহার দলে ফেরাটা ইস্টবেঙ্গলের জন্য বড় ভূমিকা নিয়েছে। তিনি আসায় মাঝমাঠ অনেকটাই সঙ্ঘবদ্ধ হয়েছে। তবে এদিন পুরো দল যেভাবে খেলেছে তাতে বার বার তাঁর মুখে শোনা গেল প্লেয়ারদের প্রশংসা। তিনি বলেন, “আমরা অনেক খেটেছি। শেষ পর্যন্ত আমরা তার ফল পেয়েছি। আজ সব কিছু আমাদের জন্য সঠিক পথে এগিয়েছে। আমরা তিন পয়েন্ট পেয়েছি।” তিনি আলাদা করে পাস ও ক্রসের প্রশংসা করেছেন, এক কথায় যেটা পার্থক্য গড়ে দিয়েছে এদিনের ম্যাচে। কোচ বলছেন, “ট্যাকটিক্যালি আজকের ম্যাচ সব দিক থেকে খুব ভাল ছিল। তিন পয়েন্ট পেয়েছি, বেঙ্গালুরু আর চেন্নাইয়ের আগে জায়গা করে নিয়েছি।”

তবে ইস্টবেঙ্গল কোচ মনে করিয়ে দিলেন, নর্থ-ইস্টকে হারানো সহজ ছিল না। তবে তাঁদের মাঝমাঠে নম্বর ছয় না থাকাটা যে ইস্টবেঙ্গলের জন্য সুবিধে হয়েছে তা মেনে নিলেন তিনি। বলেন, “ আজ যেভাবে আমরা জয়ের জন্য ঝাঁপিয়েছি সেটা সব ম্যাচে করতে হবে তার পর জয় আসুক বা হার আমাদের খেলা সমর্থকদের গর্বিত করবে। আজ সেই খেলাটা খেলেছে দল যেটা কিছু। আগে পর্যন্ত খেলায় পাওয়া যাচ্ছিল না।তবে চাপের মধ্যে এদিন যেভাবে খেলেছে প্রত্যেকে তাতে প্লেয়ারদের কাছে এই বার্তাটা পৌঁছে গিয়েছে যে খাটলে ফল পাওয়া যায়।” কোচ মেনে নিচ্ছেন খেলায় চাপ থাকবেই। সেটাকেই পজিটিভভাবে নিয়ে নিজের সেরাটা দিতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *