অলস্পোর্ট ডেস্ক: হরমনজ্যোত খাবরার চোটটা যে গুরুতর সেটা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেই জানিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। সোমবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল খাবরাকে। তখনই বোঝা গিয়েছিল এই চোট খুব হালকা নয়। বৃহস্পতিবার ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল এখনই মাঠে ফেরা হচ্ছে না দলের সিনিয়র প্লেয়ারের। যা জয়ে ফেরা ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা।
ক্লাবের তরফে এদিন এক বার্তা দিয়ে জানানো হয়েছে, “সোমবার ঘরের মাঠে নর্থ-ইস্টের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পান হরমনজ্যোত খাবরা। আগামী দিনে তার পরিস্থিতির দিকে নজর রাখা হবে পরবর্তী পদক্ষেপের জন্য।” তবে তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তা নিয়ে এখনই কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়নি ক্লাবের পক্ষ থেকে।
ইস্টবেঙ্গলকে আবার অনেকদিন পর ছন্দে দেখা গিয়েছে। পর পর হার, ড্রয়ের জেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল ঘুরে দাঁড়িয়েছে, শুধু ঘুরে দাঁড়িয়েছে না দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। নর্থ-ইস্টকে ৫-০ গোলে হারানোর ম্যাচে ইস্টবেঙ্গলের খেলা নজর কেড়ে নিয়েছে সবার। তার মধ্যেই ভাবাচ্ছে এই চোট। দলের রক্ষণের একটা বড় দায়িত্ব তো থাকে তাঁরই উপরে।
সোমবার ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতকে খাবরার চোট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার খুব হালকা চোট বলে মন হচ্ছে না। তবে এক্সরে করার পর চোট কতটা সেটা নিশ্চিত করে বলা যাবে।” তখনই বোঝা গিয়েছিল, খাবরার চোটের পরিস্থিতি নিয়ে তিনি খুব আশাবাদী নন। আর তিনদিন পর সেটা প্রমাণ হয়ে গেল, খাবার চোট নিয়ে ঠিক বুঝেছিলেন কোচ।
শনিবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে দলের ফর্মেশনে নিশ্চিত কিছু পরিবর্তন আনবেন কোচ। নর্থ-ইস্টের বিরুদ্ধে ম্যাচে খাবরা চোট পেয়ে মাঠ ছাড়ার পর পরিবর্ত হিসেবে কোচ ভরসা রেখেছিলেন মহম্মদ রাকিপের উপর। এই ম্যাচে প্রথম থেকে তাঁকেই দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে। তবে কোচকে নতুন করে রক্ষণ সাজাতে হবে তা নিয়ে কোনও সন্দেহ আর রইল না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
