রান রেটের দিকে নজর কোহলির। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ এবারের আইপিএলে ট্রফির খরা কাটাতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আরসিবি। সচরাচর মরশুমের প্রথম ম্যাচে সতর্ক দেখায় সব দলকেই। আগে যে কোনও প্রকারে জয় নিশ্চিত করার দিকেই নজর থাকে সবার। তবে আরসিবিকে শুধু জয় নয়, বরং বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার জন্য ঝাঁপাতে দেখা যায় প্রথম ম্যাচেই।
প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে ১৭১ রানে বেঁধে রাখে বেঙ্গালুরু। পরে ১৬.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায় তারা। সুতরাং ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আরসিবি। ব্যাট করতে নেমে কোহলি-ডু’প্লেসি শুরু থেকেই ঝড় তোলেন। ওপেনিং জুটিতেই কার্যত দলের জয় নিশ্চিত করে ফেলে আরসিবি। তা সত্ত্বেও ডু’প্লেসি আউট হওয়ার পরে দীনেশ কার্তিককে তারা দ্রুত ম্যাচ শেষ করার জন্য তিন নম্বরে ব্যাট করতে পাঠায়। এমনকি কার্তিক আউট হওয়ার পরে ম্যাক্সওয়েল মাঠে নেমে ৩টি বল খেলে ২টি ছক্কা মারেন। নেট রান-রেটের কথা মাথায় রেখেই তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকথা স্বীকারও করে নেন কোহলি। বিরাট স্পষ্ট বলেন যে, ‘আমরা যত বেশি সম্ভব বল বাকি থাকতে জয় তুলে নিতে চেয়েছিলাম। আসলে শেষের দিকে নেট রান-রেট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’ বিরাট রীতিমতো পরিসংখ্যান দিয়ে বুঝিয়েও দেন যে, তাঁর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলেন। যদিও চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাঁদের। এবার তাই লক্ষ্যে স্থির থাকতে চান তাঁরা।
