ম্যাচ হেরে বোলারদের দুষলেন রাহুল। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ চিপকে চেন্নাইয়ের কাছে হেরেও নিজের সিদ্ধান্ত নিয়ে অনড় থাকলেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। ব্যাটিং পিচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে ডাকা কি ভুল হয়েছিল? লোকেশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে জানিয়ে দেন, তিনি রান তাড়া করার সিদ্ধান্ত নিয়ে কোনও ভুল করেননি।
লোকেশ রাহুল বলেন, ‘টস জিতে ওদের (চেন্নাইকে) ব্যাট করতে পাঠানোর পরে আমাদের শুরুটা যথাযথ হয়নি। বোলাররা জানায় যে, পিচ একটু চটচটে ছিল এবং বল সামান্য নড়াচড়াও করেছে। তবে ওরা সঠিক জায়গায় বল রাখতে পারেনি। যখন প্রতিপক্ষ দলে ভালো মানের সব ব্যাটসম্যান থাকে, তবে তারা তোমাকে ছেড়ে কথা বলবে না। যখন তাজা পিচে শুরুতে বল করতে হয়, যথাযথ লেনথ ও গতি কী হতে পারে, তা অনুধাবন করতে একটু সময় লাগে।’
তাহলে কি টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠানো ভুল হয়েছিল? এ প্রসঙ্গে লোকেশ বলেন, ‘আমি তা মনে করি না। আমরা হেরেছি মাঝের কয়েকটা পর্যায়ে ম্যাচের গতিপ্রকৃতি আমাদের অনুকূলে যায়নি বলে। আমরা পাওয়ার প্লে-তে ভালো শুরু করি। দ্বিতীয়ার্ধে আমরা দারুণভাবে ম্যাচে টিকে ছিলাম। তবে পরপর কয়েকটা উইকেট হারাতে হওয়ায় ছন্দপতন হয়। তাছাড়া আমাদের ৪-৫ জন ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে ধরা পড়ে। যদি তার কয়েকটা বাউন্ডারি লাইন পার করে যেত, তবে আমার ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারতাম।’
