আজ বদলাতে পারে নাইটদের প্রথম একাদশ। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স। তাও কেকেআর-এর ঘরের মাঠে। এ বারের প্রতিযোগিতায় ঘরের মাঠে এটাই নাইটদের প্রথম ম্যাচ।
পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল অভিযান শুরু করেছে নাইটরা। শুরুতেই খেয়েছে বড় ধাক্কা। এ বার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা বুঝেশুনে পা ফেলতে চাইছে। তবে ইডেন নাইটদের ঘরের মাঠ হলেও, দলের অধিকাংশ ক্রিকেটারেরই এই মাঠে খেলার সেই ভাবে অভিজ্ঞতা নেই। সে দিক থেকে দেখতে গেলে এই ক্ষেত্রে বরং কিছুটা এগিয়েই থাকবেন বিরাট কোহলিরা। কারণ তাঁদের দলে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ। যারা ইডেনের মাঠে হাতের তালুর মতোই চেনে। কোহলিরও এই মাঠে সাফল্য নেহাৎ কম নেই। আর দীনেশ কার্তিক তো কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক।
বেঙ্গালুরুর বিরুদ্ধে কয়েকটি বদল হতে পারে নাইটদের দলে। সম্ভবত চোট সারিয়ে লকি ফার্গুসন ফিরতে পারেন দলে। বদলে বিশ্রাম দেওয়া হতে পারে টিম সাউদিকে। বিদেশিদের মধ্যে রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের একাদশে থাকা নিশ্চিত। আর ভারতীয়দের মধ্যে অনুকূল রায়ের খেলার সম্ভাবনা প্রায় নেই। বদলে নারায়ণ জগদীশন সুযোগ পেতে পারেন। বেঙ্কটেশ আইয়ার এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে থাকতে পারেন।
