Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ  অজিঙ্ক রাহানের অভিষেক হল চেন্নাইয়ের জার্সিতে। নেমেই প্রথম ম্যাচে ২৭ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিলেন তিনি। মুম্বইকে ৭ উইকেটে হারাল চেন্নাই।

টস হেরে ব্যাট করতে নেমে ১০ রান প্রতি ওভার তুলতে শুরু করেছিলেন। কিন্তু একটু সময় যেতেই খেলা ঘুরতে শুরু করল। তুষার দেশপাণ্ডের বলে রোহিতের স্টাম্প উড়ে যায়। সেখান থেকেই ম্যাচে ফিরতে শুরু করে চেন্নাই। একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত আউট হতে ঈশান কিশন দ্রুত রান তোলার কাজ শুরু করেন। কিন্তু তাঁকে আটকাতে পেসারদের বিরতি দিয়ে রবীন্দ্র জাডেজাকে বল করতে ডাকেন ধোনি। নিজের প্রথম ওভারেই উইকেট পান জাডেজা। ২১ বলে ৩২ রান করেন ঈশান। জাডেজার বলে উইকেট দিয়ে যাওয়ার আগে দলকে বড় রান তোলার ভিতটা গড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তরুণ উইকেটরক্ষক। কিন্তু তিনি ফিরতেই মুম্বই দলে বিপত্তি। ৬৪ রানে ২ উইকেট থেকে মুম্বই হঠাৎ ৭৬ রানে ৫ উইকেট হয়ে যায়। সূর্যকুমার যাদব ১ রান করে আউট হন। তাঁর উইকেটের কৃতিত্ব অবশ্যই ধোনির। বল গ্লাভস ছুঁয়ে ধোনির হাতে গিয়েছিল। কিন্তু আম্পায়ার ওয়াইড দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ধোনি। তাতে দেখা যায় বল গ্লাভসে লেগেছে। আউট হয়ে যান সূর্যকুমার। ১১ বলে ১২ রান করে আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। আরশাদ খানের উইকেট নেন মিচেল স্যান্টনার। ৪ বলে ২ রান করে আউট হন আরশাদ। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট জাডেজার। দু’টি করে উইকেট তুষার এবং স্যান্টনারের।

ওয়াংখেড়ের মাঠে ১৫৭ রান সহজেই তাড়া করে চেন্নাই। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। রাহানে ছাড়াও চেন্নাইয়ের হয়ে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *