হার চেন্নাইয়ের। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ১৭৫ রান তোলে। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচে রাজস্থানকে লড়াইয়ের রান তুলে দিলেন জস বাটলাররা। জবাবে চেন্নাই থেমে গেল ৩ রান দূরে।
টস জিতে চেন্নাই অধিনায়ক রাজস্থানকে ব্যাট করতে পাঠান। দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়াল আউট হয়ে যান। বাটলার এবং দেবদত্ত পাড়িক্কাল মিলে ৭৭ রানের জুটি গড়েন। সেই সময় মনে করা হয়েছিল বড় রান তুলবে রাজস্থান। কিন্তু একই ওভার পাড়িক্কাল এবং সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দিয়ে কিছুটা ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। রানের গতি কিছুটা কমে যায় এর পর। রবিচন্দ্রন অশ্বিন প্রথম দিকে রান না পেলেও পরের দিকে রান করেন। ২২ বলে ৩০ রান করেন তিনি। ১৮ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হেটমেয়ার। চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন আকাশ সিংহ, তুষার দেশপাণ্ডে এবং জাডেজা।
ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় মাত্র ৮ রান করে আউট হয়ে যান। ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। গত ম্যাচের মতো এই ম্যাচেও চেন্নাইকে ভরসা দেন অজিঙ্ক রাহানে। ১৯ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ৩৮ বলে ৫০ করেন ডেভন কনওয়ে। তাঁরা ৬৮ রানের ইনিংস গড়েন। এর পরেই হঠাৎ ভেঙে পড়তে শুরু করে চেন্নাইয়ের ব্যাটিং। একের পর এক ব্যাটার এলেন এবং ফিরে গেলেন। ১১৩ রানে ৬ উইকেট হারায় চেন্নাই। ব্যাট হাতে জাদেজা ১৫ বলে ২৫ করে অপরাজিত থেকেও জয় এনে দিতে পারলেন না চেন্নাইকে। ধোনি নিজে ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন। কিন্তু শেষ বলে ৫ রান করতে পারলেন না। ম্যাচও জেতা হল না চেন্নাইয়ের।
