অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দল দ্বিতীয় দিন তাদের স্কোরবোর্ডে মাত্র ৩০ রানই যোগ করতে পারল। তবে নিজের নামের পাশে ডবল সেঞ্চুরিটা লিখে ফেললেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের শেষে যশস্বী থেমেছিলেন ১৭৯ রানে। দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে তিনি ২৯০ বলে ১৯টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২০৯ রানে আউট হলেন। ২৭৭ বলে ২০০ রানে পৌঁছেছিলেন তিনি। প্রথম দিন পাঁচ রানে ক্রিজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ফিরলেন ২০ রানে। বুমরাহ ৬ ও মুকেশ কুমার কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরলেন। ৮ রানে অপরাজিত থাকলেন কুলদীপ যাদব। ১১২ ওভার খেলে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৯৬ রানে।
ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তার প্রথম ডাবল সেঞ্চুরিটি করে ফেলেন। এর সঙ্গেই রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন জয়সওয়াল। বুকে পড়লেন ডবল সেঞ্চুরি করা কনিষ্ঠতমদের তালিকায়। জয়সওয়াল ২২ বছর বয়সে ডবল সেঞ্চুরি করার সঙ্গেই তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হয়ে গেলেন। তাঁর আগে রয়েছেন, বিনোদ কাম্বলি (২১ বছর ৩২ দিন) এবং সুনীল গাভাস্কার (২১ বছর ২৭৭ দিন)। সামগ্রিকভাবে, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ তালিকার শীর্ষে রয়েছেন, তিনি ১৯ বছর ১৪০ দিন বয়সে এই কীর্তি অর্জন করেছিলেন।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির ও রেহান আহমেদ। এক উইকেট নিলেন টম হার্টলি। দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করার সুযোগ চলে এল ইংল্যান্ডের সামনে। ওপেনার বেন ডাকেত ২১ রান করে আউট হয়ে গেলেন কুলদীপ যাদবের বলে রজত পাতিদারকে ক্যাচ দিয়ে। আর এক ওপেনার জ্যাক ক্রলি অলি পপকে নিয়ে লড়াই চালাচ্ছিলেন, তিনিও ফিরলেন ৭৬ রানে অক্ষর প্যাটেলের বলে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে।
যশস্বী ডবল সেঞ্চুরি হাঁকালেও ভারতীয় ব্যাটিংয়ের হাল নিয়ে প্রশ্নও উঠে আসছে অনেকগুলো। ভারতের ৩৯৬ রানের মধ্যে ২০৯ রান এল যশস্বীর ব্যাট থেকে। আর বাকি ১০ জন মিলে করলেন ১৮৭ রান। প্রথম দিনের শেষেও হিসেবটা একই ছিল। ৩৩৬ রানে থেমেছিল ভারত।সেখানে যশস্বীর রা ছিল ১৭৯। তাঁর সঙ্গে বাকি যে ছয় জন ব্যাট করেছিলেন, তাঁদের সম্মিলিত রান ছিল ১৫৮। ভারতের একজন ব্যাটারও ৪০ রানের গণ্ডি পার করতে পারেননি। যার ফলে প্রশ্ন উঠছে ভারতীয় ব্যাটিংয়ের অবস্থান নিয়ে। যা যশস্বীর ডবল সেঞ্চুরিও ঢাকতে পারেনি।
আর বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই ব্যাটিং ইংল্যান্ডের কাছে অস্ত্র হয়ে উঠবে। যেটা প্রথম টেস্টেও দেখা গিয়েছে। টেস্ট ক্রিকেটে কখনও একজনের ব্যাটের উপর ভরসা করে বড় রানে পৌঁছনো যায় না। তাই একটা ডবল সেঞ্চুরি সত্ত্বেও ভারতের রান ৪০০-র গণ্ডি পার করতে ব্যর্থ। প্রথম দিনের শেষে যশস্বী বলেছিলেন, “প্রাথমিকভাবে উইকে ভিজে ছিল এবং সেখানে স্পিন ও বাউন্স ছিল, সঙ্গে হালকা সিমও। আমি চেষ্টা করছিল লুস বল খেলতে এবং শেষ পর্যন্ত খেলে যেতে। এবার আমি ডবল সেঞ্চুরি করতে চাইব এবং দলের জন্য শেষ পর্যন্ত লড়াই করব।” তিন তাঁর কথা রেখেছেন। বাকিদের কি জ্বলে উঠতে দেখা যাবে দ্বিতীয় ইনিংসে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
