অলস্পোর্ট ডেস্ক: জীবনের প্রথম ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পেয়ে দারুণ খুশি হয়েছিলেন। হাতে কড়কড়ে বড় টাকার পুরস্কার। মনে মনে হয়ত সেই টাকা দিয়ে কী করবেন তারও পরিকল্পনা করে ফেলেছিলেন। কিন্তু ভুল ভাঙল ড্রেসিংরুমে ফিরতেই। এ টাকা যে শুধু তাঁর একার নয়। দলের মধ্যে ভাগ হয়ে যাবে ম্যাচের সেরার পুরস্কার মূল্য। হতাশ হয়েছিলেন তবে বুঝেছিলেন ক্রিকেট আসলে টিম গেম।
এখন সে কথা মনে পড়লে হাসি পায় ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যের। এক সাক্ষাৎকারে নিজের ভুলের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। বলেন, “আমি প্রথম যে দিন ম্যাচের সেরার পুরস্কার পাই, আমি ভেবেছিলাম পুরস্কৃত পুরো অর্থটাই আমার। তার পর জানলাম আমার পুরস্কারটি গোটা দলের মধ্যে ভাগ হবে। অবশ্যই ক্রিকেট একটি দলের খেলা। সবাই ওই পুরস্কারের অংশীদার।“
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের বিষয়ে রীতিমতো খুল্লামখুল্লা হার্দিক পাণ্ড্যে। তাঁর কাছে তাঁর বাড়ি বড়ই প্রিয়। খেলা না থাকলে বাড়ির সকলের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন হার্দিক। গত তিন চার বছরে তিনি খুব একটা বাইরে যাননি। তিনি জানান, বিশেষ কিছু অনুষ্ঠান বাদ দিলে তাঁর সময় কেটেছে বাড়িতেই।
হার্দিক বলেন, “এ রকমও হয়েছে আমি টানা ৫০ দিন বাড়িতেই ছিলাম। আমার বাড়ির লিফ্টেও আমি উঠিনি।“ তাঁর সংযোজন, “আমার বাড়িতেই জিম রয়েছে, সিনেমা দেখার ব্যবস্থার পাশিপাশি যাবতীয় প্রয়োজনীয় জিনিসও রয়েছে। তাই আমার বাড়ি থেকে বিশেষ বেরনোর প্রয়োজন হয় না।“
দিন কয়েক আগে হার্দিকের একটি গাড়ির ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই গাড়ি তে তাঁর ছিল না সেটাও পরিস্কার করেছেন তিনি, গাড়িটি তাঁকে এক জন চালানোর জন্য পাঠিয়েছিলেন। তিনি এও জানান, সমাজমাধ্যমে তাঁকে নিয়ে কেউ কোনও মন্তব্য করলে তা নিয়ে তিনি ভাবেন না।
তিনি বলেন, “আমি সমাজমাধ্যমে কখনও কোনও বিষয়ে মন্তব্য করি না। কোনও কিছুতে মাথা ঘামাই না, তাই আমায় নিয়ে কেউ কোনও মন্তব্য করলে আমার তাতে কিছু যায় আসে না।”
সামনেই আইপিএল। বাকি মাত্র ২২ দিন। তার আগেই ক্রিকেট মাঠে ফিরলেন হার্দিক। গত বছর বিশ্বকাপের পর চোটের কারণে মাঠ থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। তাঁর মধ্যেই গুজরাত থেকে মুম্বইয়ে ফিরে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে ছিটকে দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটে এখনও এতটাই অপরিহার্য হার্দিক পাণ্ড্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
