অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত ডার্বি টিকিটের মূল্য নিয়ে নিজেদের অবস্থানে বদল আনল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। যদিও ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের পরে। শুক্রবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্লাব। জানা গিয়েছে, সব টিকিটের দাম এক করে দেওয়া হবে থাকবে কোনও বৈষম্য।
ক্লাবের স্পনসর সংস্থার পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘আমরা ১০ মার্চ, ২০২৪-এর জন্য নির্ধারিত আসন্ন আইএসএল কলকাতা ডার্বি ম্যাচের টিকিটের মূল্যকে ঘিরে সাম্প্রতিক বিভ্রান্তির সমাধান করতে চাই৷ এটি আমাদের নজরে এসেছে যে টিকিটের দামের অসঙ্গতি উৎসাহী ফুটবল সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ হয়েছে৷ আমরা বুঝি যে টিকিটের মূল্যের বৈষম্য বাস্তবে ফুটবল ইভেন্টগুলিতে ঘটে এবং কার্যত, এই জাতীয় বিষয়গুলো বিশ্বব্যাপী স্বাভাবিক।’’
তারা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ‘‘মোহনবাগান ক্লাব ৩ ফেব্রুয়ারি, ২০২৪-এ অনুরূপ কৌশল প্রয়োগ করেছিল, তাদের অনুগত ভক্তদের ডিসকাউন্ট প্রদান করে। স্বচ্ছতা প্রচারের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা আমাদের টিকিটের মূল্যে একটি ছাড় কাঠামোও চালু করেছি।’’
‘‘দুঃখজনকভাবে, এই উদ্যোগটি অজান্তেই ফুটবলপ্রেমীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। এর পরিপ্রেক্ষিতে এবং ফুটবল সম্প্রদায়ের অনুভূতির কথা বিবেচনা করে এবং সেই সঙ্গে মাননীয় ক্রীড়া মন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রেক্ষিতে আমরা নির্দেশিত সিদ্ধান্ত নিয়েছি,’’ বলা হয়েছে প্রেস রিলিজে।
শেষ পর্যন্ত টিকিটের দাম সমান করার সিদ্ধান্ত নেওয়া হল। বলা হয়েছে, ‘‘আমরা ঘোষণা করছি যে ১০ মার্চ, ২০২৪-এর ডার্বি ম্যাচের টিকিটের মূল্যের যে কোনও অসঙ্গতি দ্রুততার সঙ্গে সংশোধন করা হবে। আগামীতে এই উচ্চ প্রত্যাশিত ইভেন্টের সকল অংশগ্রহণকারীদের জন্য অভিন্ন মূল্য প্রয়োগ করা হবে। এই সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের এবং বৃহত্তর ক্রীড়া সম্প্রদায়ের জন্য একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
