দুরন্ত ইনিংস রাহানের। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ বলে ৬১ রান, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯ বলে ৩১ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০ বলে ৩৭ রান, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৭১ রান – এবার আইপিএলে যেন এক স্তরে পৌঁছে গিয়েছেন অজিঙ্কা রাহানে। শুধু যে রান করছেন, তাই নয়। স্ট্রাইক রেট অবিশ্বাস্য থাকছে। তবে তাঁর বিশ্বাস, এখনও নিজের সেরাটা আসেনি। সেটা আসতে এখনও বাকি আছে।
রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২৯ বলে অপরাজিত ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহানে। ছ’টি চার এবং পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ‘টেস্ট’ খেলোয়াড় হিসেবে পরিচিত রাহানের স্ট্রাইক রেট ছিল ২৪৪.৮২। সেই ইনিংসের সুবাদে যথারীতি ম্যাচের সেরাও নির্বাচিত হন। যে দিনটার জন্য তাঁকে সাত বছর অপেক্ষা করতে হয়েছে। সাত বছরে আইপিএলে প্রথমবার ম্যাচের সেরার পুরস্কার পেলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানে বলেন, ‘এবারের আইপিএলে এখনও পর্যন্ত যে ইনিংসগুলি খেলেছি, সেগুলির প্রতিটি উপভোগ করেছি। আমার বিশ্বাস যে আমার সেরাটা এখনও আসেনি। প্রতিটি ইনিংস উপভোগ করেছি আমি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩৭ রান, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩০ রানের মতো ইনিংস হোক বা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬১ রানের ইনিংসে হোক – আমি প্রতিটি ইনিংস উপভোগ করেছি।’
রাহানে আরও বলেন, ‘স্রেফ স্বচ্ছ মানসিকতা নিয়ে (এবারের আইপিএলে) এসেছি। আর কিছু নয়। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, মাথা যদি পরিষ্কার থাকে, তাহলে যে কোনও কিছু করা যায়। সেজন্য আমি একেবারে স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নেমেছি। মরশুম শুরুর আগে ভালোভাবে প্রস্তুতি সেরেছি, প্রাক-মরশুমটা ভালোভাবে কাটিয়েছি। আমি শুধুমাত্র নিজের খেলাটা উপভোগ করতে চাইছি এবং নিজের মানসিকতা স্বচ্ছ রাখতে চাইছি।’
