ইস্টবেঙ্গলের নতুন কোচ কুয়াদ্রাত। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ লাল-হলুদের নতুন কোচ হতে চলেছেন সুনীল ছেত্রীদের প্রাক্তন কোচ। বেঙ্গালুরু এফসি-কে ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে ২ বছরের চুক্তি করে ফেলল ইস্টবেঙ্গল। মঙ্গলবার স্টিভন কনস্ট্যান্টাইনের বিদায়ের দিনই নতুন কোচের নামও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল লাল-হলুদের তরফে।
৫৮ বছরের এই স্প্যানিশ কোচ সহকারি হিসেবে কাজ শুরু করেছিলেন বেঙ্গালুরু এফসি-তে। ২০১৬ থেকে ২০১৮-এর শুরু পর্যন্ত তিনি দলের সহকারি কোচ ছিলেন। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতে এবং দেশের প্রথম ক্লাব হিসাবে এএফসি কাপের ফাইনালে ওঠে। এর পর ২০১৮-২১ পর্যন্ত তিনি পূর্ণ কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮-১৯ মরশুমেই বেঙ্গালুরুকে আইএসএল চ্যাম্পিয়ন করান তিনি। আইএসএলের ইতিহাসে কুয়াদ্রাতের বেঙ্গালুরুই প্রথম দল ছিল, যারা পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করে এবং ট্রফিও জেতে। পরের মরসুমেও বেঙ্গালুরুকে প্লে-অফে তোলেন কুয়াদ্রাত।
ইস্টবেঙ্গল এফসি-র সঙ্গে চুক্তির পর কুয়াদ্রাত বলেছেন, ‘আগামী ২ বছরের জন্য ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি খুব গর্বিত। এটা খুবই রোমাঞ্চকর যে ঐতিহাসিক একটি ক্লাব, যারা ভারতীয় ফুটবলে অনেক ট্রফি জিতেছে, তাদের দায়িত্ব নিতে চলেছি। আমাকে ইস্টবেঙ্গল ক্লাব সেই সুযোগ করে দিয়েছে।’
