অলস্পোর্ট ডেস্ক: এমএস ধোনির হাত ধরে পর পর সাফল্য পেয়েছে চেন্নাই সুপার কিংস। তিনি চেন্নাইয়ের ঘরের ছেলে। মাঝে এর আগে একবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন এমএস ধোনি । দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। কিন্তু অধিনায়কত্ব বদল হতেই ব্যর্থতা শুরু হয় চেন্নাইয়ের। বাধ্য হয়েই আবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ধোনি। আবারও নতুন মরসুম শুরুর আগে নতুন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিন চেন্নাই। নতুন প্রজন্মের উপর ভরসা রেখে আইপিএল ২০২৪-এ চেন্নাইয়ের অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়।
রাত পোহালেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৪। চেন্নাই বনাম বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়েই উদ্বোধন হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই দেখা যাবে রুতুরাজের অধিনে ধোনিকে খেলতে। ইতিমধ্যেই আইপিএল-এর তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে চেন্নাই অধিনায়কের নাম।
বৃহস্পতিবার চেন্নাইয়ে এই বছরের প্রতিযোগিতা শুরুর আগে গায়কোয়াড় অধিনায়কদের ফটোসেশনে যোগ দেওয়ার পরে এই ঘোষণা করা হয়। এমএস ধোনি আইপিএলের উদ্বোধনী মরসুম থেকে সিএসকে-এর অধিনায়ক ছিলেন এবং তিনি পাঁচবার ট্রফি জিতেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি। গায়কোয়াড়, যিনি ভারতের হয়ে ছয়টি ওডিআই এবং ১৯ টি-টোয়েন্টি খেলেছেন, ২০২০-তে সিএসকে-তে তাঁর অভিষেক হয়েছিল এবং ৫২টি ম্যাচে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ডানহাতি এই ওপেনার গত বছর ১৬ ম্যাচে ১৪৭.৫০-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে মোট ৫৯০ রান করেছিলেন।
“এমএস ধোনি টাটা আইপিএল ২০২৪ শুরু হওয়ার আগে ঋতুরাজ গায়কোয়াড়কে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব তুলে দিয়েছেন। রুতুরাজ ২০১৯ থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ এবং এই সময়ের মধ্যে আইপিএলে ৫২টি ম্যাচ খেলেছেন,” সিএসকে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি জানিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
