Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: চলতি বিশ্বকাপ বাছাই পর্বে তাদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল ভারত। শুক্রবার মধ্যরাতে সৌদি আরবের শৈল শহর আভায় দুই দলের ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। ফিফা ক্রমতালিকায় ১১৭ নম্বরে থাকা ভারত এ দিন বিশ্বের ১৫৮ নম্বরের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের শেষ দিকে কয়েকটি ভাল সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে ভারত। কর্নার থেকে হেড করে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করেন ভারতীয় দলের একমাত্র বঙ্গতারকা শুভাশিস বোস।

এই ড্রয়ের ফলে এশীয় বাছাই পর্বের ‘এ’ গ্রুপে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দু’নম্বরে উঠে এল ভারত। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার। এ দিন অন্য ম্যাচে কাতার ৩-০-য় হারায় কুয়েতকে। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে এই আফগানিস্তানের বিরুদ্ধেই হোম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে টিকে থাকাটাই ইগর স্টিমাচের দলের পক্ষে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

শুক্রবার শুরু থেকেই গতিময় ফুটবল খেলে দুই পক্ষই। প্রথম দশ মিনিটের মধ্যে দুই দলই একাধিক আক্রমণ করে। ভারত যেখানে সুনীল ছেত্রী ও বিক্রম প্রতাপ সিংকে সামনে রেখে ৪-৪-২-এ খেলা শুরু করে, আফগানিস্তানও একই ছকে নামে মোসায়ের আহাদি ও ওমিদ পোপালজে-র ওপর আক্রমণের দায়িত্ব দিয়ে। কিন্তু দু’পক্ষকেই কার্যত পুরো দল নিয়ে আক্রমণ ও দূর্গরক্ষা করতে দেখা যায়।

চোটের জন্য এ দিন ভারতীয় স্কোয়াডে ছিলেন না সহাল আব্দুল সামাদ, যিনি দুই দলের শেষ দ্বৈরথে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছিলেন। ফলে বিক্রমের ভাগ্যে শিকে ছেঁড়ে। ভারতের জার্সি গায়ে এ দিনই প্রথম মাঠে নামেন তিনি এবং ভাল খেলেনও। সুনীল ছেত্রীর ওপর অতিরিক্ত নির্ভরতা যে ক্রমশ কাটিয়ে উঠতে চায় তারা, এই ম্যাচেই তার ইঙ্গিত পাওয়া যায়। যদিও একবারও গোলের মুখ খুলতে পারেনি ভারত। কিন্তু ফাইনাল থার্ডে বারবার সুনীল ছেত্রীকেই বল দেওয়ার প্রবণতা দেখা যায়নি এ দিন।

ডানদিক দিয়ে মনবীর সিং বেশি তৎপর ছিলেন এ দিন। মোহনবাগান সুপার জায়ান্টেও তিনি একই ভূমিকা পালন করেন বলে ভারতীয় দলেও এই জায়গায় খেলতে সুবিধা হয় তাঁর। অন্য প্রান্ত দিয়ে লালিয়ানজুয়ালা ছাঙতেও তৎপর হয়ে ওঠার চেষ্টা করেন। তবে দুজনের মধ্যে প্রথমার্ধে মনবীরই বেশি কার্যকরী হয়ে ওঠেন।

প্রতি আক্রমণের সুযোগের অপেক্ষায় থাকা আফগানরা প্রথমার্ধের শেষ দিকে দু-একটি ইতিবাচক আক্রমণ ছাড়া প্রথম ৪৫ মিনিটে বেশি কিছু করতে পারেননি। দুই দলের মধ্যেই এ দিন ট্রানজিশনে দক্ষতা দেখা যায়। প্রায় ৮,১০০ ফিট উচ্চতায় দামাক স্টেডিয়ামে খেলা হলেও অন্তত প্রথমার্ধে দমে ঘাটতি পড়েনি কোনও দলের ফুটবলারদেরই। দ্বিতীয়ার্ধে গতি হারাতে শুরু করেন প্রথম এগারোর খেলোয়াড়রা, পরিবর্ত খেলোয়াড়দের দিয়ে যা সামাল দেন কোচেরা। কিন্তু প্রথমার্ধে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে উঠতে পারেনি কোনও দলই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভারতকে একটু বেশিই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায়। ৫৮ মিনিটে বাঁ উইং দিয়ে ওঠা আকাশ মিশ্রর ক্রসে ঠিকমতো পা ছোঁয়াতে পারলে অবধারিত গোল পেতেন বিক্রম। কিন্তু তিনি ব্যর্থ হন। ৬০ মিনিটের মাথায় জোড়া পরিবর্তন করে ভারত। বিক্রমের জায়গায় নামেন মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেজ ও আকাশের জায়গায় আসেন শুভাশিস বোস। এর ফলে অবশ্য আক্রমণের তীব্রতা কমে যায়।

ফের আক্রমণে ধার বাড়াতে ৭৪ মিনিটে নাওরেম মহেশ সিং ও লিস্টন কোলাসোকে মাঠে আনেন ভারতীয় কোচ স্টিমাচ। তুলে নেন মনবীর, ছাঙতেকে। জিকসনের জায়গায় নামেন দীপক টাঙরি। কোলাসো, মহেশ আসায় ভারতের আক্রমণে গতি আসে এবং ৭৯ মিনিটের মাথায় দলকে জেতানোর সুবর্ণ সুযোগ পেয়ে যান শুভাশিস। মাপা কর্নারে ছ’গজের বক্সের মাথা থেকে হেড করে তিনি গোলের চেষ্টা করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটের মাথায় ডানদিক দিয়ে বক্সে ঢুকে কাট ব্যাক করেন কোলাসো, যা ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

পাঁচ মিনিটের বাড়তি সময়ের তৃতীয় মিনিটেও কোলাসো ডানদিক দিয়ে উঠে বক্সের মধ্যে মহেশের উদ্দেশ্যে ক্রস বাড়ান। কিন্তু এতটাই সময় নিয়ে নেন ইস্টবেঙ্গল তারকা যে, গোলে শট নেওয়ার আগেই তাঁকে ঘিরে ধরেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। এর পরে আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই।

গুয়াহাটিতে হোম ম্যাচে এর চেয়ে ভাল পারফরম্যান্সই দেখাবেন সুনীল ছেত্রীরা, এমনই আশা করা যায়। কিন্তু গোল করার সুযোগ পেয়েও সেগুলি হাতছাড়া করার রোগ না সারলে সমস্যায় পড়তে হতে পারে স্টিমাচের দলের ফুটবলারদের।

ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু (গোল), নিখিল পূজারি, রাহুল ভেকে, আনোয়ার আলি, আকাশ মিশ্র (শুভাশিস বোস-৬০), মনবীর সিং (লিস্টন কোলাসো-৭৪), জিকসন সিং (দীপক টাঙরি-৭৪), লালেঙমাউইয়া রালতে আপুইয়া, লালিয়ানজুয়ালা ছাঙতে (নাওরেম মহেশ সিং-৭৪), বিক্রম প্রতাপ সিং (ব্র্যান্ডন ফার্নান্ডেজ-৬০), সুনীল ছেত্রী।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *