Cart Total Items (0)

Cart

All Sports
ঋষভ পন্থ

অলস্পোর্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন ঘুরছে ভারতীয় ক্রিকেটের আনাচ কানাচে। যেদিন থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে, ঋষভ পন্থ সুস্থ সেদিন থেকেই বিশেষ করে দিল্লি ক্যাপিটালস চাইছিল তাঁকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই খেলাতে। কিন্তু যতক্ষণ না প্রথম একাদশ ঘোষণা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত সংশয় ছিল। কিন্তু পঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামার আগে দিল্লির প্রথম একাদশ ঘোষণা হতেই স্বস্তি পন্থপ্রেমীদের মধ্যে। ১৪ মাস পর পেশাদার ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ।

একটা সময় পর্যন্ত এটা নিয়েও সংশয় ছিল যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন কিনা। ২০২২-এর ডিসেম্বরে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। ভোরের দিকে গাড়ি চালাতে চালাতে চোখ লেগে এসেছিল তাঁর। তখনই সজোড়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় গাড়িতে। কোনওরকমে উইন্ডস্ক্রিন ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। তার পরটা তো সকলেরই জানা।

সেখান থেকে অদম্য চেষ্টা তাঁকে ফিরিয়ে এনেছে ক্রিকেটের মূলস্রোতে। ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৪-এর মার্চ মাস, ঋষভ পন্থের জীবন প্রতি মুহূর্তে নতুন নতুন মোর নিয়েছে। তাঁর পাশে ছিল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পরিবার, বন্ধু আর তাঁর হাজার হাজার ফ্যান।  এই সবকে সম্বল করেই লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। যার ফল এতদিনে পেলেন।

পন্থ নিজেই অবশ্য বলেছেন, এই ম্যাচটা তাঁর কাছে অভিষেক ম্যাচের মতো। কতটা উত্তেজনা, কতটা ভয় যে তাঁর মধ্যে কাজ করছে সেটা তিনি নিজেই টের পাচ্ছেন। তিনি বলেছিলে‌ন, ‘‘আমি একই সঙ্গে উত্তেজিত এবং নার্ভাস। মনে হচ্ছে আমি আবার আমার অভিষেক করতে যাচ্ছি। আমি যা কিছু কাটিয়েছি তার পরে আবার ক্রিকেট খেলতে পারাটা অলৌকিক কিছু নয়।’’ শেষ পর্যন্ত মাঠে ফিরলেন ঋষভ পন্থ। এবার দেখার ব্যাট হাতে বা উইকেটের পিছনে তিনি নিজেকে কতটা উজার করে দিতে পারেন। ১৪ মাস পর কোনও দলের প্রথম একাদশে তাঁর নামটা জ্বল জ্বল করছে।

দিল্লি ক্যাপিটালস— মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, রিকি ভুই, খলিল আহমেদ, ইশান্ত শর্মা

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *