Cart Total Items (0)

Cart

All Sports India
বজরং পুনিয়া

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভুষণ শরন সিংহের গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকের মতো দেশের প্রথম সারির কুস্তিগিররা সেখানে রয়েছেন। এর মধ্যেই ধর্নামঞ্চের কাছে একটি বিলাসবহুল হোটেলের রেস্তরাঁয় স্ত্রীর সঙ্গে বজরংয়ের নৈশভোজের ছবি সামনে এসেছে

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির বলেছেন, ‘‘অনেক গুজব ছড়াচ্ছে। এ-ও বলা হচ্ছে যে, রাতে নাকি ধর্নামঞ্চে কেউ থাকে না। সংবাদমাধ্যমের অনেকেই রাতে আমাদের সঙ্গে থাকছেন। তাঁরা তো সবটাই দেখতে পাচ্ছেন।’’ কেন বিলাসবহুল হোটেলে স্ত্রী সঙ্গীতা ফোগটকে নিয়ে বজরং গিয়েছিলেন, তারও জবাব দিয়েছেন তিনি। বজরং বলেছেন, ‘‘আমাদের সঙ্গে অনেক মহিলা আছে। তাদের শৌচাগার ব্যবহার করতে হয়। জামাকাপড় বদলাতে হয়। সেটা তো আর রাস্তায় হবে না। সেই কারণেই হোটেল ব্যবহার করতে হয়েছে।’’ একই কথা শোনা গিয়েছে আর এক কুস্তিগির সাক্ষীর মুখে। তিনি বলেছেন, ‘‘দিল্লি পুলিশ গুজব ছড়াচ্ছে। ওরা বলছে রাতে নাকি এখানে কেউ থাকে না। যে কোনও দিন ধর্নামঞ্চে এসে দেখে যেতে পারেন আমরা আছি কি না।’’

এর মধ্যেই কুস্তিগিররা অভিযোগ করেছেন, তাঁদের তুলে দেওয়ার জন্য বল প্রয়োগ করেছে পুলিশ। তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। রাতে তাঁরা আচমকাই এসে মারধর করে এবং মহিলা কুস্তিগিরদেরও গালিগালাজ করে। তাঁদের দাবি, এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন। এক জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ইতিমধ্যেই তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *