Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর এই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য মাস্ট উইন। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের শেষ ম্যাচ খেলতে সোমবার নামছে কলকাতা। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। যে দলের টেকনিক্যাল ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচেও গ্যালারি দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। লড়াই যখন কেকেআর বনাম সৌরভের তখন এই ম্যাচ আইপিএল-এর কলকাতা ডার্বি। একটি দল কলকাতার, অন্য দল কলকাতার দাদার। তার উপর আগের ম্যাচে ২৬১ রানের টার্গেট রেখেও হারতে হয়েছে গম্ভীর অ্যান্ড টিমকে।

তবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলে দিলেন, আগের ম্যাচ হেরে গেলেও তাঁদের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তাঁরা তৈরি দিল্লির বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে। তিনি এও মেনে নিলেন এবার আইপিএল-এর পিচ ব্যাটারদের স্বর্গ। সেখানে বোলারদের নিজেদের কাজ পরিকল্পনা অনুযায়ী করে যেতে হবে।

তিনি বলেন, ‘‘আমাদের নিয়ন্ত্রণে যেটা রয়েছে আমরা সেটার দিকেই ফোকাস করছি। যেটা নেই সেটা নিয়ে ভাবছি না। বোলাররা যে খারাপ করছে এমন নয়। স্পিন বোলিং সাফল্য পাচ্ছে। বিশেষ করে এই উইকেটে যদি দেখেন তাহলে দেখবেন সুনীল নারিন চার ওভারে মাত্র ২৪ রান দিয়েছে। আমাদের শক্তিশালী স্পিন আক্রমণ রয়েছে।’’

এদিকে স্বাভাবিকভাবেই মিচেল স্টার্ককে নিয়ে যে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হবে সেটা জানাই ছিল। যদিও আগের ম্যাচে চোটের অজুহাতে বসানো হয়েছিল তাঁকে। বেঙ্গালুরু ম্যাচে আঙুল কেটে গিয়েছিল তাঁর। যে কারণে পঞ্জাব ম্যাচে বসিয়ে দুষ্মন্থ চামিরাকে পরীক্ষা করা হয়। কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ। যে কারণে ধরে নেওয়া হচ্ছে দিল্লি ম্যাচে ফিরিয়ে আনা হতে পারে ২৪ কোটির বোলারকে। পণ্ডিত বলছিলেন, ‘‘স্টার্ক এখন অনেকটাই সুস্থ। আগের ম্যাচ হাতে চোট থাকায় পঞ্জাব ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার দেখা যাক ম্যাচে আগে কতটা সুস্থ হয়ে উঠতে পারে।’’ বলা যায় না যা পরিস্থিতি তাতে এক ম্যাচ পরই ফিরিয়ে আনা হতে পারে স্টার্ককে।

তবে দিল্লির বিরুদ্ধে ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে তিনি আলাদা করে ভাবছেন না। বলছিলেন, ‘‘সৌরভ যে মানের খেলোয়াড়, দেশের জন্য যা অবদান তাতে দেশ জুড়ে তার ফ্যান থাকবে। বিশেষ করে কলকাতায় তো থাকবেই। তবে সেটা আমাদের ভাবার বিষয় নয়। আমরা আমাদের খেলায় মন দেব।’’

গত ম্যাচে বিপুল রান করেও তা ধরে রাখতে পারেনি কলকাতা তাও আবার ঘরের মাঠে। যে কারণেই প্রশ্ন উঠছে দলের বোলিং দক্ষতা নিয়ে। যা গত ম্যাচে পুরোপুরি ফ্লপ। একমাত্র সুনীল নারিন যিনি ব্যাটে বলে প্রথম থেকেই নিজের সেরাটা দিয়ে চলেছেন। ব্যর্থতার ম্যাচেও তার অন্যথা হয়নি। তবে চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, ‘‘আমরা হয়তো সব সময় ভাল ফল পাইনি কিন্তু দল অসাধারণ ক্রিকেট খেলেছে। আমরা তিনটি ম্যাচে হেরেছি। তবে ভাল ক্রিকেট খেলেছি। সেটাই আমাদের পরের ম্যাচগুলোর জন্য প্রেরণা।’’ তিনি জানিয়ে দিলেন হার নয় দলের পজিটিভ দিকের দিকেই তাকাতে চান তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *