Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: সোমবার সন্ধে থেকেই কলকাতা শহর ও শহরতলীর বিস্তৃত অঞ্চল জুড়ে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ঠিক যে সময় কলকাতা নাইট রাইডার্সের বিমান দমদম বিমানবন্দরে নামার কথা তখন আবহাওয়া মোটেও বিমান অবতরণের জন্য অনুকূল ছিল না। যে কারণে বিমানের গতিপথ বদলে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। এর পর গুয়াহাটি থেকে কেকেআর-এর চার্টার্ড বিমানকে কলকাতার উদ্দেশ্যে ওড়ার অনুমতি দেওয়া হয়। ঝড়-বৃষ্টির প্রকোপ কমলেও পুরোপুরি থেমে যায়নি। রাত ১০টা নাগাদ গুয়াহাটি থেকে ওড়ার অনুমতি পেয়েছিল বিমান। রাত ১১টা নাগাদ কলকাতায় নামার কথা ছিল। কিন্তু এবারও সেটা সম্ভব হল না। সঠিক সময়ে কলকাতার আকাশে পৌঁছে গেলেও অবতরণ করতে পারল না কেকেআর-এর বিমান। বেশ কয়েকবার চেষ্টার পর আবার পথ বদল করা হল। শেষ পাওয়া খবর অনুযায়ী রাস্তা বদলে কেকেআর -এর বিমান রাত ১.১৫ মিনিটে বারানসীতে অবতরণ করেছে।

রবিবার লখনউয়ের মাঠে তাদের ৯৮ রানে হারিয়েই এদিন ঘরে ফেরার কথা ছিল কলকাতা দলের। নির্ধারিত সময় বিকেল ৫.৪৫-এর বিশেষ বিমান কলকাতায় অবতরণ করার কথা ছিল সন্ধে ৭.২৫ মিনিটে। সেই সময় প্রবল ঝড়-বৃষ্টি চলছে। সন্ধে সাতটা নাগাদ শুরু হয় ঝড়-বৃষ্টি। ততক্ষণে কলকাতায় নামার প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি দেখে সেই বিশেষ বিমানকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি।‌রাত পৌনে ন’টা নাগাদ গুয়াহাটিতে অবতরণ করে নাইটদের বিমান।

https://youtu.be/NUgdnn4A1rU?si=QiDmdxydiJ8zfbKG

আগামী ১১ মে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবে কলকাতা। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। যে মুম্বইকে সম্প্র্রতি ১২ বছর পর তাদের ঘরের মাঠে হারিয়েছে কেকেআর। এবার নিজেদের ঘরের মাঠে জয়ের পালা। তার আগে বিমান বিভ্রাটের মুখে পড়তে হল পুরো দলকে। আগামী ১৯ মে এই গুয়াহাটিতেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে কলকাতা। রাজস্থানের হোম ম্যাচ এটি। তার আগেই বিমান বিভ্রাটের কারণে গুয়াহাটি পৌঁছে গেলেন শ্রেয়াসরা। তা নিয়ে নিজেদের মধ্যে বেশ কিছুটা মজাও করতে দেখা গেল তাঁদের উপরের ভিডিওতে। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা মোটৈও মজার ছিল না।

যদিও বৃষ্টির পূর্বাভাস ছিলই। গত কয়েক সপ্তাহ রীতিমতো গরমে পুড়েছে কলকাতা ও জেলা। ৪২ ডিগ্ৰিতে দুপুরের ইডেনে খেলতে হয়েছে আইপিএল। যদিও আশা করা যায় এই ম্যাচে কিছুটা স্বস্তি পাবেন ক্রিকেটাররা। তবে তারা কখন কলকাতায় পৌঁছবেন তার এখনও নিশ্চিত নয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *