Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত কলকাতার মাটিতে পা রাখলেন নাইটরা। সোমবার পুরো দিনটাই তাঁদের কেটেছে আকাশে। এক কথায় এটাই সত্যি। কখনও লখনউ তো কখনও গুয়াহাটি আবার কখনও বারানসী। কিন্তু কলকাতায় নামতে পারেনি কেকেআর-এর বিমান। সোমবার বিকেল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে কলকাতার। যা সাধারণ মানুষের জন্য ছিল স্বস্তির। কিন্তু সেই আবহাওয়ার বদল যে কলকাতা নাইট রাইডার্স দলকে রীতিমতো বিপদে ফেলে দেবে তা কে জানত। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নিজের শহরে পৌঁছলেন নাইটরা।

রবিবার লখউতে খেলার পর সোমবার নিজের শহরের ফেরার কথা ছিল শাহরুখের দলের। লখনউ থেকে বিকেল ৫.৪৫-এর বিমান সঠিক সময়েই উড়েছিল কলকাতার উদ্দেশে। ৭.২৫-এ সেই বিমানের কলকাতায় নামার কথা ছিল। ততক্ষণে কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। সন্ধে ৬.৩০টা থেকেই এই ঝড়-বৃষ্টি শুরু হয় যাওয়ায় দমদম বিমান বন্দরে তখন বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই খারাপ আবহাওয়ার মধ্যেই কলকাতার আকাশে পৌঁছলেও কেকেআর-এর চার্টার্ড বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় গুয়াহাটি।

নিরুপায় হয়ে গুয়াহাটিতে প্রায় পৌঁনে ন’টা নাগাদ অবতরণ করে কেকেআর-এর বিমান। সেখানে কিছুক্ষণ বিমানের মধ্যে, কিছুটা সময় বাইরে কাটায় পুরো দল। এক ঘণ্টার বেশি সময় কাটানোর পর আবার ওড়ার ছাড়পত্র পায় কেকেআর-এর বিমান। তখন রাত প্রায় ১০টা। ততক্ষণে কলকাতায় ঝড়-বৃষ্টি কিছুটা কমেছে।  গুয়াহাটি থেকে রাত ১০টার আশপাশে বিমান ছেড়ে কলকাতায় পৌঁছে যাওয়ার কথা রাত ১১টার মধ্যে। কিন্তু ওই সময় আবার কলকাতার আবহাওয়া খারাপ হতে শুরু করে। আবারও দমদম বিমান বন্দরে নামার মতো অবস্থা ছিল না। বেশ কয়েকবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হন বিমান চালক। শেষ পর্যন্ত বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বারানসীতে।

বারানসীতে গঙ্গা ভ্রমণ ও মন্দির দর্শনে নাইটরা

রাত ১.১৫ মিনিট নাগাদ বারানসীতে অবতরণ করে কলকাতা নাইট রাইডার্স দলের চার্টার্ড বিমান। শেষ পর্যন্ত সেই রাতটা বারানসীতেই কাটানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। রাত ৩টে নাগাদ বারানসীর হোটেলে পৌঁছয় দল। মঙ্গলবার দুপুর ১.১৫-র বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেয় শ্রেয়াস, গম্ভীররা।

তবে বারানসীতে সময়টা ভালই কাটান নাইটরা। রাত তিনটের সময় হোটেলে পৌঁছেও কেউ কেউ গঙ্গার পাড়ে চলে গিয়েছিলেন সূর্যোদয় দেখতে। কেউ আবার চলে গিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরে। সেই তালিকায় ছিলেন বৈভব অরোরা, অনুকূল রয়, বরুণ চক্রবর্থী, চেতন শাকারিয়া,মণীশ পাণ্ডে, কেএস ভারত, শেরপানে রাদারফোর্ড-সহ সহকারি কোচ রায়ান টেন দুশখাতে ও বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *