শ্রেয়াস আইয়ার। ছবি—কেকেআর এক্স
অলস্পোর্ট ডেস্ক: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতে প্লে-অফের আশা জিইয়ে রাখাই ছিল গুজরাত টাইটান্সের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রকৃতি বড় বাধা হয়ে দাঁড়াল। কলকাতায়ও কেকেআর-এর প্লে-অফ নিশ্চিতের ম্যাচে প্রকৃতি তার বিরূপ রূপ দেখিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচ ভেস্তে যায়নি। ১৬ ওভার করে খেলা করা সম্ভব হয়েছিল। কিন্তু তার দু’দিনের মধ্যেই সেই প্রকৃতিই গুজরাতের দুর্ভাগ্য লিখল। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাত টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু আবহাওয়া খারাপের জন্য টসই করা গেল এদিন।
এটি জিটি-র জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার জন্য এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ দু’টি পয়েন্ট পেতেই হত। অন্যদিকে, এই ম্যাচ প্লে-অফের জন্য অনুশীলন নিজেদের প্রস্তুত করার ম্যাচ ছিল কেকেআর-এর জন্য পাশাপাশি এই ম্যাচের উপর তাদের লিগ টেবলের সেরা দু’য়ে থাকার জন্য লড়াই করারও কথা ছিল, যারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। শুভমান গিলের নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি বড় জয় তুলে নিয়েই এই ম্যাচে খেলতে নামত। যার ফলে আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু কাজে লাগল না কিছুই।
গুজরাট অধিনায়ক শুভমান গিল, আশিস নেহরাকে দেখা গেল মাঠে নেমে পরিস্থিতি দেখতে এবং তাঁরা ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন। এছাড়াও কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও মাঠে নামেন অবস্থা্ দেখে নেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কোনও সুরাহাই হল না। বৃষ্টি থামার পর গ্রাউন্ড কভার উঠলেও মাঠ প্রস্তুতের জন্য যথেষ্ট সময় ছিল না। তাই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় রাত ১০.৪০ মিনিটে কারণ ম্যাচ শুরুর কাটঅফ সময় রাত ১০.৫৬-র মধ্যে খেলা শুরু করা সম্ভব হত না। এবং ম্যাচ আনুষ্ঠানিকভাবে বাতিল করার কথা ঘোষণা করা হয়।
যার ফলে দুই দলই একটি করে পয়েন্ট পাচ্ছে। এই পয়েন্টের ফলে কেকেআর-এর সেরা দু’য়ে থাকা নিশ্চিত হয়ে গেল এবং টাইটান্স আনুষ্ঠানিকভাবে প্লে-অফ থেকে ছিটকে গেল। ম্যাচ বাতিলের পর আইয়ার এবং গিল স্তন ক্যান্সার সচেতনতার অংশ হিসাবে একে অপরের সঙ্গে রিবন বিনিময় করেন। আহমেদাবাদ থেকে মঙ্গলবারই কলকাতায় ফেরার কথা নাইটদের। এর পর গুয়াহাটিতে ১৯ মে খেলতে হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
