অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল আইপিএল ২০২৪-এর শেষ লিগ ম্যাচ। রবিবার রাজস্থান বনাম কলকাতার ম্যাচ হওয়ার কথা ছিল গুয়াহাটিতে। এটি ছিল রাজস্থানের হোম ম্যাচ। কিন্তু সেই ম্যাচে একটিও বল গড়াল না। ম্যাচ শুরু আগে থেকে বাতিল ঘোষণা করার মাঝে মাত্র একবারই বৃষ্টি থেমেছিল কয়েক মিনিটের জন্য। সেই সময় টসও করা হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কিন্তু তার পরই আবার বৃষ্টি ফিরে আসে। আর তখনই শেষ হয়ে যায় সব আশা।
এদিন গুয়াহাটির ক্রিকেট স্টেডিয়ামে দুই দলেরই সমর্থকরা হাজির হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশই হতে হল। নিয়ম মতো ৫-৫ ওভারের খেলা করতে হলে তার সিদ্ধান্ত নিতে হবে রাত ১০.৫৬-এর মধ্যে। এদিন সেই সময়ও প্রবল বৃষ্টি চলছে। যে কারণে দুই অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা।
এদিন ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় দুই দল একটি করে পয়েন্ট পেল ঠিকই তাতে রাজস্থানের ক্ষতিই হল। রাজস্থানের এই ম্যাচ থেকে লক্ষ্য ছিল জিতে দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়া। কিন্তু তেমনটা হল না। তার আগেই জিতে দ্বিতীয় স্থান দখল করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও জিতলে দ্বিতীয় স্থানে থাকত রাজস্থানই। প্লে-অফে খেলতে হত কলকাতার বিরুদ্ধে। কিন্তু এবার প্লে-অফে ২১ মে আহমেদাবাদে কলকাতা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। ২২ মে চেন্নাই এলিমিনেশন পর্ব খেলবে রাজস্থান ও বেঙ্গালুরু। ২৪ মে দ্বিতীয় প্লে-অফ এবং ২৬ মে ফাইনাল হবে চেন্নাইয়ে।
এবার আইপিএল লিগ টেবল একদম একে অপরের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে। একমাত্র কলকাতাই ধরাছোঁয়ারা বাইরে পৌঁছে গিয়েছিল আগেই। এদিনের পরে ১৪ ম্যাচে ন’টি জয় ও তিনটি হার নিয়ে ২০ পয়েন্টে রয়েছে কলকাতা। নেট রান রেট +১.৪২৮। এদিন ম্যাচ না হওয়া তাদের উপর কোনও প্রভাবই ফেলবে না। লিগ শীর্ষেই থেকে গেলেন শ্রেয়াসরা। যদিও ১৪ ম্যাচের মধ্যে কলকাতার দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়।
দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ ১৪ ম্যাচে আটটি জয় ও পাঁচটি হার নিয়ে ১৭ পয়েন্টে রয়েছে। নেট রানরেট +০.৪১৪। সমসংখ্যক ম্যাচে সমান জয় ও হার নিয়ে একই পয়েন্টে থাকা রাজস্থান নেট রানরেটের (+০.২৭৩) কারণে তৃতীয় স্থানে শেষ করল। চার নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ ম্যাচে সাতটি জয় ও সাতটি হার নিয়ে তাদের নেট রানরেট +০.৪৫৯। একই হার-জিত নিয়ে একই পয়েন্টে থাকলেও শুধুমাত্র নেট রানরেটের জন্য ছিটকে জেতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
