Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ছাড়পত্র পেয়েই লাল-হলুদ জার্সিতে নেমে পড়লেন আনোয়ার আলি। এই মরসুমের দলবদলের শুরু থেকেই বিতর্কের তুঙ্গে ছিলেন ভারতীয় এই ডিফেন্ডার। মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গলের হয়ে পাঁচ বছরের চুক্তিতে সই করেন। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের এই লড়াইয় ঢুকে পড়ে দিল্লি এফসি, যা আনোয়ারের মূল ক্লাব। সেখান থেকেই লোনে মোহনবাগানে যোগ দিয়েছিলেন তিনি।  সব মিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ফেডারেশনের দ্বারস্থ হয় মোহনবাগান ক্লাব। দীর্ঘ আলোচনার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মোহনবাগানের পক্ষে রায় দেয় ও আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করে এবং দুই ক্লাবের প্লেয়ার ট্রান্সফার উইন্ডো বন্ধ করে দেয়।

এই পরিস্থিতিতে রীতিমতো দেওয়া‌লে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল ও আনোয়ার ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানান এই সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে। সেই মতো দিল্লি হাইকোর্ট পুরো সিদ্ধান্তটিই বাতিল করে দেয়। ফেডারেশনকে নতুন করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়। শেষ পর্যন্ত এআইএফএফ, আনোয়ারকে খেলার ছাড়পত্র দেয়। এবং বলা হয় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত খেলতে পারবেন আনোয়ার। এতদিন অবশ্য ইস্টবেঙ্গলের সঙ্গেই অনুশীলন করছিলেন তিনি। যার ফলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই তাঁকে নামিয়ে দিতে দ্বিধা করেননি কোচ কার্লেস কুয়াদ্রাত।

তিন ক্লাবের টানাপড়েনে এই মরসুমের ডুরান্ড কাপেও খেলতে পারেননি  আনোয়ার। তাঁকে ধরেই পুরো পরিকল্পনা করেছিলেন ইস্টবেঙ্গল কোচ। আইএসএল ২০২৪-২৫-এর প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন আনোয়ার তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারতের সব থেকে বিশ্বস্ত ডিফেন্ডার। কুয়াদ্রাত বলেছিলেন, ‘‘আনোয়ার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। তবে বিষয়টি আমার আওতায় ন‌েই। আশা করি ক্লাব কর্তারা দ্রুত সমস্যার সমাধান করবেন।’’

বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর রবিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম দলেই আনোয়ারকে রেখে দল সাজিয়েছেন কার্লেস। এই ম্যাচ জিতেই ঘরেই মাঠে নামতে চাইবেন তিনি। যে কারণে দলে তিনটি পরিবর্তনও করেছেন তিনি। এবার শুধু সবার সেরাটা দিয়ে জয় তুলে নেওয়ার অপেক্ষা। পাশাপাশি আনোয়ারের দিকেও থাকবে কড়া নজর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *