Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আবারও বৃষ্টিতে ভেস্তে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচ। একদিন আগেই রাওয়ালপিন্ডিতে এই বৃষ্টির জন্যই ভেস্তে গিয়েছিল গ্রুপ বি-র অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেই সময়ই প্রশ্ন উঠেছিল পরিকাঠামো নিয়ে। কেন পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা করা হয়নি। এদিনও দেখা গেল শুধু পিচটুকুই ঢাকা। পুরো মাঠ ঢাকার ব্যবস্থাই নেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। যার ফল আবারও বাতিল হয়ে গেল খেলা। এবার গ্রুপ এ-র পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। বৃহস্পতিবার এই দুই দলের কাছে ছিল সম্মান রক্ষার ম্যাচ। দু’জনেই চেয়েছিল এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে। কিন্তু তেমনটা হল না। যদিও না খেলার ফল হিসেবে দু’জনেই এক পয়েন্ট করে পেল।

যদিও এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। দুই দল আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। পাকিস্তান প্রথম ম্যাচে হারের মুখ দেখে নিউজিল্যান্ডের কাছে। দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশকে দুবাইতে খেলতে যেতে হয় ভারতের বিরুদ্ধে। সেখানেও মুখ থুবড়ে পড়তে হয় পাকিস্তানকে। একই অবস্থা বাংলাদেশেরও। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এর পর হারতে হয় নিউজিল্যান্ডের কাছে। যার ফল দুই দলই কোনও পয়েন্ট ছাড়া এদিন একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু টসই করা সম্ভব হল না।

আয়োজক দেশ পাকিস্তান এবার করাচি, লাহৌর ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো আয়োজন করেছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে সে দেশে খেলতে না যাওয়ায় ভারতের জন্য হাইব্রিড মডেলে দুবাইতে খেলার ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই ভারত পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। একইভাবে নিউজিল্যান্ডও সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। রবিবার দুই দল একে অপরের মুখোমুখি হবে নিয়মরক্ষার ম্যাচ। তার আগে এদিনের গ্রুপ এ-র পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ আরও বেশি গুরুত্বহীন হয়ে পড়ল। যদিও সেমিফাইনালের আগে দুই দেশের কাছেই এই ম্যাচ অনুশীলনের ফাইনাল মঞ্চ হয়ে উঠতে পারে।

এদিকে শোনা গিয়েছে রাওয়ালপিন্ডির পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে লাহৌরেও। সেখানে গ্রুপ বি-র অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ রয়েছে। এদিকে বুধবার আফগানিস্তান দুরন্ত ক্রিকেট খেলে ইংল্যান্ডকে টুর্নামেন্টের বাইরে পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যদি ভেস্তে যায় তাহলে বড় ধাক্কা খাবে দুই দল। কারণ এই গ্রুপের তিন দলই রয়েছে সেমিফাইনালের লড়াইয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...