Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে কেকেআরকে হারের মুখ দেখতে হলেও দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে জিতে নিল গত সানরাইজার্স হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়নরা হেরে শুরু করলেও রানার্স কিন্তু দাপটের সঙ্গে জয় দিয়েই ১৮তম আইপিএল শুরু করে দিল। রবিবার ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছিল সানরাইজার্সদের। যেখানে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতীয় ক্রিকেটের ব্যাড বয় ঈশান কিষান। আর তাঁর ব্যাটেই রাজস্থান রয়্যালসের সামনে রানের পাহাড় তৈরি করল হায়দরাবাদ। ২৮৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অনেক আগেই হাল ছাড়তে হল তাদের।

হায়দরাবাদের ২৮৬ রানের মধ্যে ১০৬ রানই এল ঈশান কিষানের ব্যাট থেকে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৭ বলে ১১টি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৬ রান করে অপরাজিত থাকলেন তিনি। হয়তো বার্তাও দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাঁর আগে অবশ্য এদিন ওপেন করতে নেমে মাত্র ২৪ রান করে ফিরে গিয়েছিলেন ভারতীয় টি২০ দলের অন্যতম প্রতিভাবাণ মুখ অভিষেক শর্মা। এর পর আর এক ওপে‌নার ত্রাভিস হেডকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন ঈশান। ত্রাভিস ফেরেন ৬৭ রানে।

এছাড়া নীতীশ কুমার রেড্ডি ৩০, এনরিচ ক্লাসেন ৩৪, অনিকেত ভর্মা ৭ ও অভিনব মনোহর ০ রান করে ফিরে যা‌ন প্যাভেলিয়নে। প্যাট কামিন্স শেষ মুহূর্তে ব্যাট করতে নামলেও রানের খাতা খোলার প্রয়োজন হয়নি। ২০ ওভারে ২৮৬-৬-এ থামে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানের হয়ে তিন উইকেট নেন তুষার দেশপাণ্ডে। দুই উইকেট নেন মহেশ থিকশানা ও এক উইকেট সন্দীপ শর্মার।

জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত লড়াই দেয় রাজস্থান রয়্যালস। ওপেনার যশস্বী জয়সওয়াল ১, তিন নম্বরে নামা অধিনায়ক রিয়ান পরাগ ৪ ও চারে নামা নীতীশ রানা ১১ রানে আউট হয়ে যাওয়ার পর ওপেনার সঞ্জু স্যামসনের সঙ্গে ম্যাচের হাল ধরেন ধ্রুব জুড়েল। ৫০ রানে তিন উইকেট থেকে দলের রানকে ১৬১-তে পৌঁছে দেয় এই জুটি। কিন্তু পর পর স্যামসন ৬৬ ও জুড়েল ৭০ রানে ফিরে যাওয়ায় বড় ধাক্কা খায় রাজস্থান রয়্যালসের ব্যাটিং।

এর পর কিছুটা রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শিমরন হেটমেয়ার ও শুভম দুবে। হেটমেয়ার ৪২ রানে প্যাভেলিয়নে ফিরে গেলেও শেষ পর্যন্ত ক্রিজ আকড়ে পড়ে থাকেন শুভম। ১১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১ রানে অপরাজিত থাকেন জোফরা আর্চার। ২০ ওভারে ২৪২-৬-এ থামে রাজস্থান। ৪৪ রানে হারের মুখ দেখতে হয় রাজস্থানকে। এদিন হায়দরাবাদের হয়ে দুটো করে উইকেট নেন সিমারজিৎ সিং ও হর্ষল প্যাটেল। একটি করে উইকেট নেন মহম্মদ শামি ও অ্যাডাম জাম্পা। ম্যাচের সেরা হয়েছেন ঈশান কিষান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *