Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এক কথায় মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তবে এখন তাঁকে কম করে তিন মাস থাকতে হবে বিশ্রামে। তার পর দেখা হবে তিনি আদৌ আবার মাঠে ফিরতে পারবেন কিনা। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। তার মাঝে তাঁকে বিদেশেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। তবে সবটাই সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে। সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গাজীপুরের কেপিজে হাসপাতালে। সেখানেই চলে তাঁর চিকিৎসা।

ঘটনার দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের সকালে টস করার সময়ও মাঠে ছিলেন তামিম। তার আগে ওয়ার্মআপের সময় অসুস্থ বোধ করলেও সেটাকে গুরুত্ব দেননি তিনি। তবে সতীর্থদের বলেছিলেন, মনে হয় গ্যাসের সমস্যা হচ্ছে। এর পর টস করে ড্রেসিংরুমে ফেরার পর আবার অসুস্থতা অনুভব করেন। তখন তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। কিন্তু অসুস্থতা বেড়ে গেলে টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি নেয়নি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়, ভাল চিকিৎসার জন্য। সেই মতো বিকেএসপি-র মাঠে পৌঁছেও যায় এয়ার অ্যাম্বলেন্স। স্থানীয় হাসপাতাল থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্সে ওঠার সময় জ্ঞ্যান হারান তামিম ইকবাল। তখন আর তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ডাক্তাররাও তাঁকে ট্র্যাভেল করার অনুমতি দেননি। সে কারণে গাজীপুরের হাসপাতালেই তাঁর চিকিৎসা করা হয়। বসানো হয় স্টেন্ট। দীর্ঘ সময় পর জ্ঞ্যান ফেরায় স্বস্তি আসে তামিমের ভক্ত মহল থেকে পরিবারে।

একটু সুস্থ হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় এভারকেয়ারে। সেখানেই চিকিৎসার পর শুক্রবার বাড়ি ফিরেছেন তিনি। প্রথম আলোর খবর অনুযায়ী, তামিমের ভাই তাঁর বাড়ি ফেরার খবর নিশ্চিত করেছেন।

আগে তামিমের পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁকে ব্যাঙ্কক বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে চিকিৎসার জন্য। তবে আপাতত তিনি বাড়িতেই থাকছেন। মেনে চলতে হবে বেশ কিছু বিধি নিষেধ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *