Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এমনটা হয়তো এই বাংলাতেই সম্ভব। যেখানে ক্রিকেট, ফুটবল মিলেমিশে একাকার হয়ে যায়। আর যদি দুই সেরা দলের মালিক একই হয় তাহলে তো কথাই নেই। যেমনটা গত কয়েক বছর কলকাতার মাটিতে দেখা যাচ্ছে। একদিকে আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্ট আর অন্যদিকে আইপিএল-এ লখনউ সুপার জায়ান্ট। আর যখন কলকাতায় পর পর দুই দলের খেলা তখন একে অপরকে সমর্থন করতে যে ক্রিকেট মাঠে ফুটবল আর ফুটবল মাঠে ক্রিকেটের আবির্ভাব হবে তা তো স্বাভাবিকই। আর দুই দলের মালিক যখন সঞ্জীব গোয়েঙ্কা তখন মেলাবেন তিনি মেলাবেন।

সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ। জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে ঘরের মাঠে নেমেছিল মোহনবাগান। সেখানে হাজির ছিলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। খুব সহজ ছিল না এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছনো। কারণ প্রথম সেমিফাইনালে জামশেদপুরের মাটিতে ১-২ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান। যে কারণে ফিরতি লেগের সেমিফাইনালে মোহনবাগানকে দুই গোলের ব্যবধানে জিততেই হত। আর তেমনটাই হল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পেনাল্টি থেকে জেসন কামিন্সের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ১-০ গোলে এই ম্যাচ শেষ হলে ম্যাচ ড্র হয়ে যেত এবং অতিরিক্ত সময়ে গড়াত। কিন্তু মোহনবাগান চেয়েছিল নির্ধারিত ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে। যা শেষ মুহূর্তের দুরন্ত গোলে সফল করলেন আপুইয়া।

একরাত আগেই জামশেদপুরকে হারিয়ে আইএসএল ২০২৪-২৫-এর ফাইনাল নিশ্চিত করেছে মোহনবাগান। এক কথায় ফুরফুরে মেজাজে পুরো সবুজ-মেরুন ব্রিগেড। আর ঠিক পর দিনই অর্ধেক দল পৌঁছে গিয়েছিল ইডেন গার্ডেনে। দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, টম আলড্রেড, দীপক টাংরিরা রীতিমতো লখনউ সুপার জায়ান্টের পতাকা হাতে গ্যালারি থেকে গলা ফাটালেন। এক রাত আগেই, তাঁদের জন্য গলা ফাটিয়েছে যুবভারতীর গ্যালারি। আর এদিন সেই ভূমিকায় পাওয়া গেল মোহনবাগানের সফল ফুটবলারদের। এবং তাঁদের উপস্থিতিতে কলকাতাকে হারিয়ে ৪ রানে ম্যাচ জিতেও নিল লখনউ।

পর পর দু’দিন বিপুল জয়ে স্বাভাবিকভাবেই খুশি দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সোমবার মোহনবাগানের জয়ের পর তিনি তাঁর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেন, “আমরা আবার ফাইনালে। এই জয় সব মেরিনার্সদের। এভাবেই সমর্থন করতে থাকুন, পাশে থাকুন।” গত মরসুমও দারুণ ছন্দে ছিল মোহনবাগান। লিগশিল্ড এলেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হয়নি। ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল। এই মরসুমেও সাফল্যের শিখরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। লিগশিল্ড হাতে চলে এসেছে। এবার শুধু আইএসএল ট্রফির অপেক্ষা। আর মাত্র একটা ম্যাচ।

অন্যদিকে, গত মরসুমটা মোটেও ভাল যায়নি লখনউয়ের। গোয়েঙ্কা ও কেএল রাহুলের কথপোকথনের ছবি সেই সময় ভাইরাল হয়ে গিয়েছিল। সাত নম্বরে শেষ করেছিল দল। এই মরসুমে শুরুটা খুব ভাল না হলেও ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে এলএসজি। পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত দুটো হার ও তিনটি জয় নিয়ে চার নম্বরে রয়েছে। যদিও এবার দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্থ। নতুন অধিনায়কের হাত ধরে ভাল সময়ের অপেক্ষায় সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেট দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *