Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর, এই জঘন্য কাজের নিন্দা হচ্ছে বিশ্বব্যাপী। ক্রীড়া সংগঠন সহ সকল মহল থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পহেলগামের বৈসরণ ভ্যালির মনোরম পরিবেশে লস্কর-ই-তৈবার একটি শাখার সন্ত্রাসীরা একদল নিরীহ পর্যটকের উপর গুলি চালালে ২৬ জন নিহত হয়, যার ফলে পাকিস্তানের সঙ্গে পরিস্থিতি যে আরও জটিল হবে তা নিয়ে কোনও সংশয় নেই। পহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে ক্রিকেটও আলোচনায় উঠে এসেছে।

গত এক দশক ধরে ভারত ও পাকিস্তান কেবল আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এবং মহাদেশীয় ক্রিকেট ইভেন্টে একে অপরের সঙ্গে খেলছে। শেষবারের মতো দুই দল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ সালে। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট লড়াই সব সময় বিশ্বের যে কোনও প্রান্তে প্রচুর দর্শকদের আকর্ষণ করে এসেছে। প্রায় সবসময়ই দু’টি দল আইসিসি এবং মহাদেশীয় ইভেন্টের গ্রুপ পর্বে একই গ্ৰুপে থাকায় সর্বাধিক নজর কাড়ে। কিন্তু পহেলগাম সন্ত্রাসী হামলার পর, কিছু অনুমানমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আইসিসিকে চিঠি দিয়েছে, যাতে ভবিষ্যতের বৈশ্বিক ইভেন্টগুলিতে (যেমন বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি) ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা না হয়।

তবে ক্রিকবাজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এটি সত্য নয়। বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তাও বলেছেন যে এই ধরনের খবর তাঁর কাছে নেই। বিসিসিআই কর্তৃপক্ষ সাম্প্রতিক‌ পরিস্থিতির প্রতি সংবেদনশীল তবে পরিস্থিতি বিবেচনা করে, এই জল্পনার কোনও সত্যতা নেই বলে জানানো হয়েছে।

তবে এ বছর পুরুষদের কোনও বড় আইসিসি ইভেন্ট নেই। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তান এর জন্য যোগ্যতা অর্জন করেছে এবং পূর্ববর্তী চুক্তি অনুসারে, তারা তাদের ম্যাচগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এর আগে পুরুষদের এশিয়া কাপ রয়েছে, যেখানে ভারত মনোনীত আয়োজক। সেই টুর্নামেন্টটিও একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ক্রিকেট মাঠে পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে বিসিসিআইও তার অবস্থান স্পষ্ট করেছে। “আমরা ক্ষতিগ্রস্তদের সাথে আছি এবং আমরা এর নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করব। সরকারের অবস্থানের কারণে আমরা দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সাথে খেলি না। এবং আমরা ভবিষ্যতে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজে খেলব না। কিন্তু যখন আইসিসি ইভেন্টের কথা আসে তখন আমরা আইসিসির সূচির কারণে খেলি। আইসিসিও জানে যে যা ঘটছে তাতে কী প্রতিক্রিয়া হতে পারে” বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা স্পোর্টস ট্যাককে বলেন।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও এই হামলার জন্য শোক প্রকাশ করেছেন।

“গতকাল পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ প্রাণহানির ঘটনায় ক্রিকেট সম্প্রদায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিসিসিআই-এর পক্ষ থেকে, এই জঘন্য ও কাপুরুষোচিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, শোকাহত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছি। তাদের বেদনা ও শোক ভাগাভাগি করে আমরা এই মর্মান্তিক মুহূর্তে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছি,” বলেন সাইকিয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *