অলস্পোর্ট ডেস্ক: প্যারিস সেন্ট-জার্মেই কোচ লুই এনরিকে বলেছেন যে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগ জেতার মধ্যে দিয়ে তিনি এবং ক্লাব তাদের “চূড়ান্ত লক্ষ্য” অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১১ সালে কাতারি মালিকানার পর থেকে, পিএসজি গত ১৩টি ফরাসি শিরোপার মধ্যে ১১টি জিতেছে কিন্তু ক্লাবটি যে বিশাল পুরষ্কারের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল তা বার বার তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। শনিবার, এলিয়াঞ্জ এরিনায় পিএসজি ইন্টারকে দাঁড়াতেই দেয়নি যা স্পষ্টভাবে এই সত্যকেই তুলে ধরে। ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা লুই এনরিকে বলেছেন যে ২০২৩ সালে ফরাসি রাজধানীতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শিরোপার দিকে তাকিয়েছিলেন।
“পিএসজি ক্যাম্পাসে আমার প্রথম দিনে, আমার ফরাসি ভাষা আজকের চেয়েও অনেক খারাপ ছিল। কিন্তু আমি বলেছিলাম যে কোচ হিসেবে আমার চূড়ান্ত লক্ষ্য ছিল ট্রফি ক্যাবিনেট পূরণ করা,” স্প্যানিয়ার্ড বলেন।
“একমাত্র ট্রফি যেটি ছিল না, সেটি হল চ্যাম্পিয়ন্স লিগ। আর সেই বক্সে টিক দিতে পেরেছি। আমরা উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, এবং আমরা তা করে দেখিয়েছি। যা এখন আমাদের ব্যাগে রয়েছে এবং এটি আগামীকাল আমাদের সাথেই বাড়ি ফিরবে।”
ম্যানেজার ফরোয়ার্ড উসমান ডেম্বেলের বিশেষ প্রশংসা করেন তিনি, তাকে “অবিশ্বাস্য” বলে অভিহিত করেন এবং বলেন “সে ব্যালন ডি’ওর জেতার যোগ্য।”
এই জয়ের পর সব থেকে আবেগের মুহূর্ত অবশ্য ছিল অন্য। যেখানে কোচ তাঁর মেয়ে জানার প্রতি শ্রদ্ধা জানান, যিনি ২০১৯ সালে নয় বছর বয়সে ক্যান্সারে মারা যান।
ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর, ফরাসি ভক্তরা একটি ব্যানার মেলে ধরেন গ্যালারির এক অংশ জুড়ে, যেখানে বাবা এবং মেয়ে মাটিতে পিএসজির পতাকা লাগাচ্ছেন, ঠিক যেমনটি তারা দু’জনে এক দশক আগে বার্লিনে বার্সেলোনার পতাকা দিয়ে করেছিলেন।
“এটা আবেগঘন মুহূর্ত ছিল। সমর্থকরা আমার এবং আমার পরিবারের কথা ভেবেছেন এটা খুবই সুন্দর। কিন্তু আমার মেয়ের কথা ভাবার জন্য চ্যাম্পিয়ন্স লিগ বা এমনকি একটি খেলাও জেতার প্রয়োজন নেই। সে সবসময় আমার সাথে থাকে। সে আমাকে এবং আমাদের পরিবারকে সমর্থন করে এবং আমি তার উপস্থিতি অনুভব করি,” লুই এনরিকে বলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
