Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫-এর শুরুটা ভালো হল না কলকাতা টাইর্গাসের। মেদিনীপুরের কাছে ম্যাচ হেরেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল দল। সেখান প্লেয়ার, কর্তা, কোচ— সকলেই উপস্থিত ছিলেন। তবে আকর্ষনের কেন্দ্রে ছিলেন দলের অধিনায়ক অভিষেক পোড়েল। ভারতীয় ক্রিকেটে আবার বাংলার নাম একটু একটু করে উঠে আসার পিছনে রয়েছেন তিনিই। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে যদি বাংলা থেকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার মতো কেউ থাকেন, তাহলে সেই নামটা অবশ্যই অভিষেক পোড়েল। সদ্য আইপিএল খেলেছেন। যে কারণেও অভিজ্ঞতাও অনেকটাই বেশি দলের বাকিদের থেকে। সব মিলে এদিন তাঁর কথা উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে যুবরাজ সিং, এমন কী এমএস ধোনিও।

সদ্য যুবরাজ সিংয়ের সঙ্গে শিবির করেই কলকাতা দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিষেক। জানালেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ই তাঁকে যুবরাজের শিবিরে পাঠিয়েছিলেন। বলছিলেন, ‘‘আট দিনের ক্যাম্প ছিল, কিন্তু বিপিএল শুরু হয়ে যাওয়ায় আমি তিন দিনই থাকতে পেরেছিলাম। তাতেই অনেক কিছু শিখোছি। বড় পর্যায়ে ক্রিকেট খেলতে গেলে চাপ থাকে। আর সেই চাপ কী ভাবে সামলে সেরাটা দিতে হয়, তা নিয়ে যুবি ভাইয়ের থেকে অনেক কিছু জেনেছি। হয়েছে কথা ব্যাটিংয়ের টেকনিক নিয়েও। আর সেগুলোই আমি কাজে লাগাতে চাই।’’

আইপিএল যে তাঁকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করছে তা তাঁর কথাতেই স্পষ্ট। বলছিলেন, ‘‘এত বড় বড় বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলা, অনেক কিছু শেখা যায়।’’ এর সঙ্গে তিনি এও জানান, তাঁর এই জানাটা তিনি দলের সকলের সঙ্গে ভাগ করে নেন। এদিকে এই প্রজন্মের একজন উইকেটকিপার ব্যাটারের কাছে সব সময়ই আইডল এমএস ধোনি। তাঁর সঙ্গে সাক্ষাৎ যে তাঁকে বাড়তি মোটিভেশন জোগাবে তা নিয়ে কোনও সংশয় নেই।

ধোনির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বলছিলেন, ‘‘খুব বেশি কথা হয়নি। অল্প সময়ই পেয়েছিলাম। তার মধ্যেই খেলার জন্য মাইন্ডসেট ঠিক রাখা একটা বড় ব্যাপার, সেটা তিনি আমাকে বুঝিয়েছেন। সেটা দু’জনের কাছ থেকেই শিখেছি।’’

এই সবের মধ্যেই বার বার ফিরে এল ভারতীয় দলে খেলার প্রসঙ্গ। এই বিষয়ে তিনি একদমই নিজের কাছে পরিষ্কার। বলছিলেন, ‘‘ভারতীয় দলে খেলার ইচ্ছে আমার অবশ্যই আছে। তবে সেটা ভেবে আমি খেলি না। আমি নিজের সেরাটা সব জায়গায় দেওয়ার চেষ্টা করি। ফলের থেকে বেশি আমি আমার স্কিল, মাইন্ডসেট আর যেটা আমার হাতে আছে সেটার দিকে মন দিতে পছন্দ করি। ওটা আমার হাতে নেই।’’

লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ২০২৫ মরসুমের জার্সিও এদিন উদ্বোধন করা হল সবার সঙ্গে। এদিন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দলের অধিনায়ক অভিষেক পোড়েল, খেলোয়াড় করণ লাল, সায়ান ঘোষ, ঋতম পোড়েল, মহম্মদ কাইফ এবং প্রধান কোচ শিব শঙ্কর পাল। লাক্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক মি. সাকেত টোডি এবং শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক মি. সর্বেশ বেরিওয়ালা দলের জার্সি উন্মোচন করেন। আর এর সঙ্গেই পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়ে যায় দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *