পাকিস্তানের বিরুদ্ধে খেলে অবসর নিতে চান ওয়ার্নার। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ ডেভিড ওয়ার্নার নিজের টেস্ট কেরিয়ারে ইতি টানার ভাবনাচিন্তা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সম্প্রতি তিনি ইচ্ছে প্রকাশ করেছেন, তাঁর হোমটাউন সিডনিতেই খেলেই তিনি ইতি টানতে চান তাঁর টেস্ট কেরিয়ারের। পাকিস্তানের বিরুদ্ধে জানুয়ারিতেই তাঁর শেষ টেস্ট সিরিজ হবে বলে ওয়ার্নার ঘোষণা করেছেন।
৭ জুন থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বেকেনহ্যামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ওয়ার্নার বলেছেন যে, তিনি আশা করেন, জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর এসসিজিতে তাঁর টেস্ট ক্যারিয়ারে তিনি ইতি টানবেন।
যদিও ৩৬ বছর বয়সী তারকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরবর্তী দু’টি টেস্ট খেলতে রাজি না থাকলেও, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার আশা করছেন। প্রসঙ্গত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।
ওয়ার্নার শনিবার বলেছেন, ‘রান করে যেতে হবে। আমি সব সময়ে বলেছি (২০২৪) বিশ্বকাপ সম্ভবত আমার চূড়ান্ত টুর্নামেন্ট হবে।’
তিনি যোগ করেছেন, ‘আমি সম্ভবত নিজের এবং আমার পরিবারের কাছে ঋণী – যদি আমি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ফিরে খেলা চালিয়ে যেতে পারি – আমি অবশ্যই বলতে পারি যে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না। যদি আমি এর মধ্য দিয়ে যেতে পারি (ডব্লিউটিসি ফাইনাল এবং পরবর্তী অ্যাশেজ অভিযান) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারি, তা হলে আমি তখনই টেস্ট কেরিয়ারে ইতি টানব।’
দেশের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৮১৫৮ রান করেছেন ওয়ার্নার। ২০১১ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেক হয় তাঁর। এমনও শোনা যাচ্ছে, চলতি বছর বিশ্বকাপের পর ওয়ানডে থেকেও অবসর নিয়ে, শুধু টি টোয়েন্টিতে মনোনিবেশ করতে চান ৩৬ বছরের ওয়ার্নার। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের পর হয়তো সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
