Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ মোহনবাগান দিবসে এবার ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন (‌টুটু )‌ বসুকে মোহনবাগান রত্ন সম্মান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন সবুজ মেরুনের কর্তারা। মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠক শেষে ক্লাব তাঁবুতে বসে মোহনবাগানের বর্তমান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু ২৯ জুলাই অনুষ্ঠানের বাকি বর্ষসেরা ও অন্যান্য বিশেষ পুরস্কার প্রাপকদের নাম জানান।

এবার জীবনকৃতী সম্মান পাচ্ছেন ক্রিকেটার রাজু মুখার্জি। ফোনে যোগাযোগ করলে আপ্লুত রাজু মুখার্জির প্রতিক্রিয়া,‘‌ ইতিমধ্যেই অনেকের অভিনন্দন বার্তা পেয়েছি। খুব খুশি মোহনবাগান আমাকে এমন একটা পুরস্কারের জন্য বাছায়। মোহনবাগান ক্লাব আমার কাছে মন্দিরের মতো। সেই মন্দিরে হাজির হয়ে পুরস্কৃত হওয়ার অনুভূতি আলাদা। আমি রোমাঞ্চিত। মাত্র ১৭ বছর বয়সে স্কুল জীবনে ১৯৬৭ সালে মোহনবাগানে যোগ দিয়েছিলাম। চুনী গোস্বামী, শ্যামসুন্দর মিত্রর মতো প্রবাদপ্রতিম খেলোয়াড়ের সান্নিধ্যে এসেছিলাম। সেগুলো ছিল বিরাট প্রাপ্তি। এখন তাতে নতুন একটা পালক যোগ হল। সবুজ মেরুন কর্তাদের ধন্যবাদ।’‌

মরশুমের(‌২০২৪-‌২৫)‌ সেরা ফরোয়ার্ডের(‌ফুটবল)‌ পুরস্কার পাচ্ছেন জেমি ম্যাকলারেন। এছাড়া বিভিন্ন বর্ষসেরা পুরস্কারপ্রাপকদের মধ্যে আছেন আপুইয়া(‌ফুটবল, সিনিয়র)‌, দীপেন্দু বিশ্বাস(‌যুব প্রতিভাবান ফুটবলার)‌, রনজোত সিং খাইরা(‌ক্রিকেট)‌, অর্জুন শর্মা(‌হকি)‌, অর্চিতা ব্যানার্জি(‌অ্যাথলিট)‌, কমল কুমার মৈত্র(‌ ক্রীড়াকর্তা)‌, মিলন দত্ত(‌রেফারি)‌, রিপন মন্ডল(‌সমর্থক)‌, প্রয়াত অরুন সেনগুপ্ত ও মানস চক্রবর্তী(‌ ক্রীড়া সাংবাদিক)‌। একইসঙ্গে মোহনবাগান দিবসের মঞ্চে বিশেষ সংবর্ধনা জানানো হবে জাতীয় মহিলা দলের কোচ ক্রিসপিন ছেত্রী ও বাংলার তিন মহিলা ফুটবলার সঙ্গীতা বাসফোর, রিম্পা হালদার, ও অঞ্জু তামাংকে, ভারতীয় মহিলা ফুটবল দলকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে তোলার জন্য।

মোহনবাগান দিবসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সূচনা হবে দুপুর ১টায়, ক্লাব প্রাঙ্গনে রাখা অমর একাদশের মূর্তিতে ফুল মালায় শ্রদ্ধা জানিয়ে। দুপুর ২টোয় ক্লাব পতাকা উত্তোলন। ২টো থেকে ৩টে পর্যন্ত ক্লাবের মাঠে প্রাক্তনদের প্রীতি ফুটবল ম্যাচ। এরপর মূল অনুষ্ঠানের কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বিকেল ৫টা থেকে সন্ধে সাড়ে ৬টা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সৌরেন্দ্র-‌সৌম্যজিত জুটি। পরের এক ঘন্টা জুড়ে রত্ন সম্মান সহ বিভিন্ন বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবশেষে সঙ্গীত পরিবেশন করবেন ইমন চক্রবর্তী।

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু জানালেন,‘‌ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান পালনের মূল কারণ হল বেশি করে সদস্য-‌সমর্থকরা যেন এটা চাক্ষুস করতে ও আনন্দ উপভোগ করতে পারেন। এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য একটি বিশেষ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ক্লাব থেকে। প্রতি সদস্য একটি করে প্রবেশপত্র পাবেন বিনামূল্যে। এছাড়া সর্বাধিক ৩টি প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন ৫০টাকা করে কার্ড পিছু দিয়ে। সমর্থকরাও এই কার্ড কেনার সুযোগ পাবেন ৫০টাকা দিয়ে, যতক্ষণ তা না নিঃশেষিত হচ্ছে। অনুষ্ঠান প্রাঙ্গনে খাবারের প্যাকেটের ব্যবস্থা থাকছে। সদস্যরা যেখানে সেটা ডিসকাউন্ট রেটে কেনার সুযোগ পাবেন, সেখানে সমর্থকদের সেটা কিনতে হবে পুরো মূল্য দিয়ে।’

সচিব সৃঞ্জয় বসু এও জানালেন, মোহনবাগান দিবসের অনুষ্ঠান মঞ্চে বর্ষসেরা পুরস্কার নিতে জেমি ম্যাকলারেন ও দীপেন্দু বিশ্বাসকে হাজির করার উদ্যোগ তাঁরা নিয়েছেন।‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *