Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিন চোট পেয়ে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে দীর্ঘ সময়এর জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার সময় বল সরাসরি এসে লাগে তাঁর পায়ে, চোট এতটাই গুরুতর ছিল যে হেঁটে বাইরে যাওয়ার মতো অবস্থা ছিল না, গল্ফ কার্টে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সিরিজ থেকেই ছিটকে যাবেন তিনি কিন্তু দ্বিতীয় দিন তিনি ব্যাট করতে নেমে চমকে দেন সবাইকে। তবে তিনি যখন ড্রেসিংরুম থেকে সিঁড়ি দিয়ে নামছিলেন বা হেঁটে মাঠে ঢুকছিলেন তখনও স্পষ্ট বোঝা যাচ্ছিল স্বস্তিতে নেই তিনি। তার মধ্যেই প্রথম দিন ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন, এদিন নেমে হাফ সেঞ্চুরি করলেন। ৫৪ রানে আর্চারের বলে বোল্ড হয়ে ফিরলেন।

যা খবর তাতে উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ৬ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যার অর্থ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি চতুর্থ টেস্ট বা সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না। আরও জানা গিয়েছে যে পন্থের আঙুলের হাড় ভেঙেছে যার ফলে তিনি ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এও জানা যাচ্ছে পন্থের কভার হিসেবে কাউকে ইতিমধ্যেই ডাকার পরিকল্পনা করা হয়েছে, তিনি সম্ভবত ঈশান কিষাণ হবেন।”

পরিস্থিতির অর্থ হল ম্যানচেস্টার টেস্টের বাকি সময় পন্থের জায়গায় ধ্রুব জুরেল উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে জুরেল চলতি ম্যাচে ব্যাট করতে পারবেন না, যার ফলে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানের সংখ্যা কমে যাবে যদি দ্বিতীয় ইনিংসে পন্থ ব্যাট করার জায়গায় না থাকেন। এই পরিস্থিতিতে ভারতের জন্য মাস্ট উইন ম্যাচে রীতিমতো সমস্যায় টিম ম্যানেজমেন্ট। তবে এদিন যে সাহস দেখিয়েছেন পন্থ, তাতে দ্বিতীয় ইনিংসেও হয়তো তাঁকে দলের হয়ে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে, তেমনটা হলে অস্বাভাবিক কিছু হবে না।

কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও সিরিজের শেষ ম্যাচটি ৩১ জুলাই থেকে ৪ অগস্ট হবে। তার আগে কভার হিসেবে কাউকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় কি না সেটাই দেখার। কারণ চলতি টেস্টে এই মুহূর্তে পরিবর্তনের আর কোনও উপায় নেই কিন্তু শেষ টেস্টে পন্থকে নিয়ে কোনও ঝুঁকি নিশ্চই নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

নীতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ এবং অর্শদীপ সিং এর মতো খেলোয়াড়রা ইতিমধ্যেই চোটে ভুগছেন। সব মিলে রীতিমতো চাপে ভারতীয় ক্রিকেট দল। এদিন বিসিসিআইএ-এর তরফেও পন্থকে নিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছিল, উইকেট কিপিং করবেন না ঋষভ পন্থ। তাঁর জায়গায় এই ম্যাচে কিপিং করবেন ধ্রুব জুরেল। তবে পন্থ দলের সঙ্গে যোগ দেবেন এবং প্রয়োজনে ব্যাট করতে নামবেন।

তবে, চতুর্থ টেস্ট এবং পঞ্চম টেস্টের মধ্যে মাত্র চার দিনের ব্যবধান থাকায়, পন্থের খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, সিরিজের বাকি অংশে আহত পন্থের স্থলাভিষিক্ত হতে পারেন এন জগদীশন, তা নাকি ‘প্রায় নিশ্চিত’। তামিলনাড়ুর ডানহাতি কিপার ব্যাটসম্যান জগদীশনের ৫২টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এই ম্যাচে তিনি ১৩৩টি ক্যাচ নিয়েছেন এবং ১৪টি স্টাম্পিং করেছেন। তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩৩৭৩ রান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জগদীশন “অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম এবং শেষ টেস্টের আগে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট ঈশান কিষাণকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছিলেন তবে নতুন করে জল্পনায় উঠে এসেছে যে তাঁরও চোট রয়েছে বলে তিনি জানিয়েছেন বিসিসিআইকে। কিছুদিন আগে পর্যন্ত ইন্ডিয়া এ দলের হয়ে তিনি ইংল্যান্ডেই ছিলেন। তবে, এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *