ডার্বির আগে কল্যানী স্টেডিয়ামে ফ্যান পার্কের উদ্বোধন। -নিজস্ব চিত্র
মুনাল চট্টোপাধ্যায়: মরশুমের প্রথম ডার্বি ঘিরে কল্যানী স্টেডিয়াম জুড়ে সাজ সাজ রব। কলকাতা ফুটবল লিগের ডার্বিতে শনিবার বিকেলে কল্যানীর মাঠে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। ১৯ জুলাই এই মডেল ডার্বি হওয়ার কথা থাকলেও, নিরপত্তাজনিত কারণে পুলিশের অনুমতি না মেলায় তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল আইএফএ। শেষপর্যন্ত পুলিশ ও প্রশাসনকে সব ব্যাপারে আশ্বস্ত করার পর ডার্বি শনিবার হতে চলেছে। এব্যাপারে আইএফএ সচিব অনির্বাণ দত্ত ছাড়াও কৃতিত্ব প্রাপ্য কল্যানীর দক্ষ ক্রীড়াপ্রশাসক ডাঃ নীলিমেষ রায়চৌধুরি ও উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়াসংস্থার সচিব নবাব ভট্টাচার্য।
কল্যানী স্টেডিয়ামের সংগঠকরা শুক্রবার প্রবল বর্ষণের ভ্রুকুটি উপেক্ষা করে ডার্বি আয়োজনের প্রস্তুতিতে শেষ তুলির টান দিয়ে ফেলেছেন। সমস্ত আয়োজন দেখে খুশি আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সন্ধেতে লাল হলুদ ও সবুজ মেরুন সমর্থকদের কথা মাথায় রেখে আগের কথামতো ফ্যানপার্কের উদ্বোধনও সারলেন নীলিমেষ রায়চৌধুরি বাংলার ঢাক বাদ্যের তালে তালে। আর তাতেই একটা নতুন রং লাগল মরশুমের প্রথম ডার্বি ঘিরে।
সদস্য-সমর্থকদের মধ্যে উন্মদনা চোখে পড়ার মতো। ডার্বি যুদ্ধ ঘিরে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল ব্রিগেডের কোচ-ফুটবলারদের ভেতরেও উত্তেজনাটা বেশ টের পাওয়া যাচ্ছে। যেটা একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, শুধুমাত্র যুব দলের ফুটবলারদের মধ্যে লড়াই, সেটা এখন অন্য মাত্রা পেতে চলেছে দু’দলই একঝাঁক করে সিনিয়র ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নেওয়ার কারণে।
যুব দলের ফুটবলারদের সঙ্গে লাল হলুদ জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে ডার্বি জিততে লড়বেন সিনিয়র দলের গোলকিপার দেবজিত মজুমদার ছাড়াও ডেভিড, লালরামসাঙ্গা, প্রভাত লাকরা, এডমুন্ড লালরিনডিকা, মার্তন্ড রায়না, মার্ক জোথানপুইয়ারা। গত মরশুমে সিএফএল ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এবারও তার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া লাল হলুদ যুব দলের কোচ বিনো জর্জ। তাঁর সাফ কথা, প্রথম ডার্বি জয় বাকি মরশুমের পাথেয় হয়ে থাকবে।
পিছিয়ে থাকছে না মোহনবাগান এসজিও। তবে ইস্টবেঙ্গলের মতো এতজন সিনিয়র তারা খেলাবে না। যুব দলের সঙ্গে মাঠে নামবেন কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন, দীপেন্দু বিশ্বাস ও সুহেল বাট। একইসঙ্গে সুপার কাপে নজর কাড়া ফুটবলার সালাউদ্দিন। সুপার জায়ান্ট কোচ ডেগি কার্ডোজো ফুটবলারদের বাড়তি চাপে ফেলতে নারাজ ডার্বি ঘিরে। সবুজ মেরুন ফুটবলারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, সেরাটা মাঠে দাও। খেলাটা উপভোগ কর। ভাল খেললে এমনিই জিতবে।
কলকাতা থেকে দূরে কল্যানীতে ডার্বি হওয়া নিয়ে একটা অসন্তোষ যখন মোহনবাগান কর্তাদের মধ্যে রয়ে গেছে, তখন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা মনে করেন, ডুরান্ডের পর ডার্বি হলে মাঠ পেতে সমস্যা হত না। ডার্বিটা যুবভারতীতেই খেলতে পারত দু’দল পূর্ণশক্তি নিয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
