Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ মোহনবাগান দিবসে ভারতীয় সিনিয়র মহিলা দলের ফুটবলার বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোরকে বিশেষ সংবর্ধনা জানানো কথা ছিল সবুজ মেরুনের। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঝলমলে অনুষ্ঠানে সঙ্গীতা উপস্থিত থাকতে পারছেন না। কারণ তিনি থাকছেন তখন সিডনিতে। সেখানকার টাউন হলে এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬য়ের ড্রয়ে অংশ নিতে। এটা সঙ্গীতার জন্য বিরাট এক সম্মানের ব্যাপার।

ভারত থেকে এই মর্যাদার ড্র অনুষ্ঠানে হাজির থাকার দুর্লভ সম্মান জুটেছে ভারতীয় মহিলা দলের কোচ ক্রিসপিন ছেত্রী, ও থাইল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে জোড়া গোল করে ভারতকে জয় এনে দেওয়া মিডফিল্ডার সঙ্গীতার। ড্রয়ে সঙ্গীতার সঙ্গে ড্রয়ে হাজির থাকবেন অস্ট্রেলিয়ার টামেকা ইয়ালপ ও কোরিয়ার জিওন ইউজিয়ং।

১২টি দলকে এশিয়ান কাপে তিনটি গ্রুপে ভাগ করে খেলা হবে, ২০২৬য়ের ১-‌২১ মার্চ, সিডনি, পার্থ, গোল্ড কোস্টে। ভারতীয় মহিলা দলের শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে আয়োজক দেশ অস্ট্রেলিয়া ছাড়াও আছে চীন, কোরিয়া, জাপান। ১৯৮০ ও ৮৩তে রানার্স ভারত ২০০৩র পর আবার এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। চুড়ান্ত ড্রয়ে ভারত আছে ৪ নম্বর পটে। ফিফা মহিলা বিশ্ব ক্রমতালিকায় ভারতের স্থান ৭০। ৪ নম্বর পটে থাকায় ড্রয়ে ভারতের প্রতিপক্ষ হতে পারে ১ নম্বর পটে থাকা অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। ২ নম্বর পট থেকে পড়তে পারে চীন, কোরিয়া, অথবা ভিয়েতনাম। আর ৩ নম্বর পটে থাকা ফিলিপিনন্স, চাইনিজ তাইপে, উজবেকিস্তান।

সিডনিতে থাকায় মোহনবাগান দিবসের অনুষ্ঠানে সঙ্গীতার না থাকাটা নিশ্চয়ই সবুজ মেরুন ভক্তদের কাছে একটা মিস, তবে তাতে গোটা অনুষ্ঠানের জৌলুস কমবে না বাকিরা হাজির থাকবেন বলে। বিশেষ করে মোহনবাগান রত্ন সম্মানপ্রাপক স্বপন সাধন(‌টুটু)‌ বসুর উজ্জ্বল উপস্থিতি মাতিয়ে দেবে। মোহনবাগান সচিব পদে প্র‌ত্যাবর্তনের পর সৃঞ্জয় বসুর এটা প্রথম মোহনবাগান দিবস। তার থেকেও বড় কথা, তাঁর বাবা ক্লাবের প্রাক্তন ও সফল সভাপতি টুটু বসুর মোহনবাগান রত্ন প্রাপ্তির গর্বের বিষয়টা। সৃঞ্জয় বললেনও, ‘‌এটা আমার কাছে একটা বাড়তি আবেগের ব্যাপার।’‌

প্রবল বর্ষণের মাঝে মোহনবাগান দিবসের অনুষ্ঠান ঘিরে ক্লাব তাঁবু ও প্রাঙ্গন যখন সেজে উঠছে, তখন রবিবার হাওড়ার আন্দুলে দুইলা পিসি রায় রোডের সংযোগস্থলে বসল ১৯১১ শিল্ডজয়ী মোহনবাগান দলের অমর একাদশের মর্মরমূর্তি। মঙ্গলবার মোহনবাগান মাঠেও অমর একাদশের মূর্তি শ্রদ্ধা জানিয়েই শুরু হবে মোহনবাগান দিবস অনুষ্ঠানের সূচনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *