অলস্পোর্ট ডেস্ক: শনিবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ-নির্ধারক পঞ্চম টেস্টের তৃতীয় দিনে স্টেডিয়ামে তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার উপস্থিতি ভারতীয় দল ও সমর্থকদের জন্য ছিল বড় চমক। ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং নাইটওয়াচম্যান আকাশ দীপের তৃতীয় উইকেটে সেঞ্চুরি জুটির মাঝে লাইভ ক্যামেরায় ধরা পড়ে যান রোহিত। চলতি সিরিজ শুরুর কয়েকদিন আগে দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়া ভারতের ওয়ানডে অধিনায়ককে শনিবার খেলা শুরুর আগেই স্টেডিয়ামে পৌঁছন। রীতিমতো লাইন দিয়ে টিকিট দেখিয়ে তিনি স্টেডিয়ামে ঢোকেন।
সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও এই কিংবদন্তি ব্যাটসম্যানকে দেখে খুশি, যিনি এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির সফল অভিযানে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। ভারতকে একাধিক সাফল্য এনে দেওয়া রোহিত-বিরাট জুটি প্রায় এক সঙ্গেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তার অআগে টি২০ বিশ্বকাপ জিতে দু’জনেই টি২০ আন্তর্জাতিক থেকেও অবসর নিয়েছিলেন। তাঁদের অবর্তমানে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে একদল নবাগতের উপর। এবং তাঁরা নির্বাচকদের ভরসার মানও রাখছেন নিয়মিত।
আবার রোহিতকে ভারতীয় জার্সিতে দেখার জন্য ফ্যানদের অপেক্ষা করতে হবে কয়েক মাস। তিনটি ওয়ানডে দিয়ে শুরু হতে চলা সাদা বলের সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। তখন রোহিত ও বিরাটকে আবার ব্যাট হাতে দেখা যাবে, তবে তার জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে শনিবার শুভমানদের সমর্থনে রোহিতের স্টেডিয়ামে উপস্থিতির ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
দেখুন সেই ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
