অলস্পোর্ট ডেস্ক: আগের দিন সকালে শহরে পা দিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনে নেমে পড়েছিলেন ডিফেন্ডার টম আলড্রেড। শনিবার সকালে কলকাতায় পৌঁছে আর এক বিদেশি ডিফেন্ডার আলবার্তো রডড্রিগেজও মোহনবাগান মাঠে অনুশীলনে নেমে পড়তে দ্বিধা বোধ করেননি। একেই বলে ক্লাবের প্রতি কমিটমেন্ট, সবুজ মেরুন সমর্থকদের প্রতি ভালবাসা। যা উপচে পড়েছিল, সকালে আলবার্তো কলকাতা বিমানবন্দরে পা রাখা মাত্র।
সকালে সমর্থকদের ভিড় ঠেলে সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের রাখা গাড়িতে উঠতে হিমসিম খেতে হয় রডড্রিগেজকে। ভক্তদের আনা ফুলের তোড়া হাতে গাড়িতে উঠে বিমানবন্দর ছেড়ে হোটেলের পথে বেরিয়ে যান আলবার্তো সবুজ মেরুন জনতার জয়ধ্বনির মাঝে। চিফ কোচ হোসে মোলিনা দলের মাঝে যে একটা ফিলগুড পরিবেশের সঙ্গে শৃঙ্খলার একটা চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন, দলটাকে অনুশাসনে বেঁধেছেন, সেটা টম, আলবার্তোদের এই পেশাদারি মনোভাব দেখলেই বোঝা যায়। ঘরের সতীর্থরা যেখানে কোচ মোলিনার তত্ত্বাবধানে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তখন ঘরে বসে থাকাটা যে দৃষ্টিকটূ সেটা বেশ ভালই উপলব্ধি করেছেন তাঁরা।
মোহনবাগান মাঠে বিকেলের অনুশীলনে বেশ চনমনে মেজাজেই দেখা গেছে আলবার্তোকে। মাঠে তাঁর নড়াচড়া দেখে বোঝা গেছে, তিনি ফিট। অনুশীলনের মাঝেই ছিলেন। তাই ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে টম ও আলবার্তো জুটিকে রক্ষণ সামলাতে মাঠে নেমে পড়তে দেখলে অবাক হওয়ার কিছু নেই। তবে চিফ কোচ মোলিনা তাঁদের ব্যবহার করবেন কিনা, সেটা সময়ই বলবে। ভিসা পেয়ে গেলে বাকি ৩ বিদেশি দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস কলকাতায় এসে যাবেন। ডুরান্ড নকআউটে একটা মেগা ডার্বির সম্ভাবনা থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল কোয়ার্টারফাইনালে উঠলে। সেক্ষেত্রে ডার্বিতে পূর্ণশক্তি নিয়েই যে বাগান ব্রিগেড খেলবে, সেটা বলাই বাহুল্য। বিশেষ করে কলকাতা ফুটবল লিগের ডার্বিতে লাল হলুদের কাছে হারের পর ডুরান্ডেও তার পুনরাবৃ্ত্তি যাতে না ঘটে, তার জন্য।
ডুরান্ডেই এখন যাবতীয় ফোকাস বাগান টিম ম্যানেজমেন্টের। তাই কলকাতা ফুটবল লিগ নিয়ে বাড়তি কোনও মাথা ব্যথা নেই তাদের। লক্ষ্য যেখানে ডেভেলপমেন্ট, সেখানে কলকাতা ফুটবল লিগে দল সুপার সিক্সে উঠুক আর নাই উঠুক, মোহনবাগান যাতে বাকি ম্যাচের শেষ ৪ ম্যাচ নিজেদের মাঠে খেলে, তার জন্য উদ্যোগ নিচ্ছেন বাগান সচিব সৃঞ্জয় বসু।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
