অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার সকালে কলকাতায় পা দিয়েই বিকেল থেকে মোহনবাগান মাঠে অনুশীলনে নেমে পড়েছিলেন ডিফেন্ডার টম আলড্রেড। শনিবার শহরে পৌঁছে সেদিনই ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দেন আর এক ডিফেন্ডার আলবার্তো রডড্রিগেড। তাঁরা যে প্রচন্ড সিরিয়াস ডুরান্ডের টুর্নামেন্ট নিয়ে, সেটা তাঁদের এই পেশাআরি মনোভাবেই প্রকাশ পেয়েছে। স্বাভাবিকভাবে তাঁদের এই আগ্রহ ও অনুশীলনে ফিটনেস দেখে সোমবার বিএসএফ ম্যাচে খেলানোর ভাবনা চিন্তা করেছেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা।
প্রচারমাধ্যমের সামনে এসে টম নিজেও জানালেন, ‘ আমি খেলার জন্য তৈরি। কারণ নিজেকে ফিট রাখতে আমি এখানে আসার আগে ব্যাক্তিগত উদ্যোগে প্র্যাকটিস করেছি ৬ সপ্তাহের ওপর। আমি নিজেকে ফিট রাখতে ভালবাসি। তাই ম্যাচ প্র্যাকটিসের অভাব থাকলেও, মাঠে নেমে খেলতে কোনও সমস্যা হবে না।’
গতমরশুমে দলে ছিলেন নতুন। এবার দলের সকলেই চেনা। বিশেষ করে রক্ষণে আলবার্তোর সঙ্গে জুটি ইতিমধ্যেই হিট। এটা কি বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। নতুন মরশুমে মাঠে নামার আগে? টমের উত্তর, ‘ নিশ্চয়ই। তবে গত মরশুমে ভাল খেলার ধারাবাহিকতা এবারও বজায় রাখতে হবে। জানি সদস্য-সমর্থকদের প্রত্যাশা এবার আরও বেশি। তাদের সেই প্রত্যাশাপূরণের লক্ষ্যে সেরা দিতেই মাঠে নামব। আপাতত লক্ষ্য ডুরান্ড কাপ জয়। তারপর একে একে অন্য টুর্নামেন্ট।
টম ও আলবার্তোর পর সোমবার মাঝরাতে আসছেন জেসন কামিংস। বুধবার আসার সম্ভাবনা দিমিত্রি পেত্রাতোসের। জেমি ম্যাকলারেনের কলকাতা পৌঁছানোর দিন এখনও জানায়নি বাগান টিম ম্যানেজমেন্ট। যেমন গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার পর রবসন রোবিনহোকে কবে তারা আনবেন, সেটা নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
