Photo courtesy: Isl
অলস্পোর্ট ডেস্ক: জর্জ কোস্তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। ক্রীড়ামহল বললেও ভুল হবে না। ২০০৪ সালে এফসি পোর্তোর অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী কোস্তা ক্লাবের ট্রেণিং গ্রাউন্ডে হৃদরোগে আক্রান্ত হন মঙ্গলবার। দ্রুত সাও জোয়াও হাসপাতালে নিয়ে গেলেও ৫৩ বছর বয়সী কোস্তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পর্তুগালের হয়ে ৫০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেন্ট্রাল ডিফেন্ডার কোস্তা বর্তমানে পোর্তোর ডিরেক্টার পদে ছিলেন। জোস মোরিনার কোচিংয়ে ২০০৪য়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়াও পরের মরশুমে সেকেন্ড টায়ার উয়েফা কাপ জিতেছিলেন কোস্তা। ১৯৯০ থেকে ২০০৫ পর্যন্ত ১৫ বছর পোর্তোর সিনিয়র ফুটবলার হিসেবে ৩২৪ টি ম্যাচ খেলা কোস্তা ৮ বার পর্তুগীজ লিগও জেতেন। ২০০৬ সালে বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিগে খেলে অবসর নেন কোস্তা।
খেলোয়াড় জীবন শেষে পোর্তো ডিরেক্টার পদে যোগদানের আগে পর্যন্ত ১৬টি ক্লাবের কোচের পদ সামলেছিলেন কোস্তা । ভারতীয় ফুটবলের সঙ্গেও কোস্তার নাম জুড়ে রয়েছে। তিনি আইএসএলে মুম্বই সিটির কোচ হিসেবে যুক্ত ছিলেন ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত। ২০১৮-১৯ মরশুমে মুম্বই সিটিকে সেমিফাইনালে তুলেছিলেন কোচ হিসেবে।
পোর্তো ক্লাবের তরফে আবেগঘনবার্তায় লেখা হয়েছে, ‘ জর্জ কোস্তা আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের একজন, একজন অধিনায়ক, একজন প্রকৃত নেতা, একজন রোল মডেল। এফসি পোর্তোর একটা প্রতীক। কোস্তাকে ধন্যবাদ, জীবনের শেষদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকায়। বিদায় বন্ধু।’
কোস্তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টিনেগ্রো। শোকবার্তায় কোস্তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানিয়েছেন, ‘পোর্তো ক্লাব, জাতীয় দলের প্রতি কোস্তার নিষ্ঠা, ভালবাসা ও আন্তরিকতা চিরকালের দৃষ্টান্ত হয়ে থাকবে তাঁর অগনিত ভক্তদের কাছে।’
কোস্তার মৃত্যুর খবরে রীতিমতো ভেঙে পড়েন ফেরেনবাখের কোচ মোরিনহো। চোখের জল ধরে রাখতে পারেননি। এক আবেগঘন বার্তায় মোরিনহো লেখেন, ‘ কোস্তা, তোমার ঐতিহ্য ও অবদান চিরকাল আমাদের সঙ্গে থাকবে। যেখানেই থাক, তুমি বলবে, মিস্টার, কান্না থামাও। কাল তোমার ম্যাচ রয়েছে। তার জন্য ছেলেদের তৈরি করে ম্যাচ জিততে।’ মোরিনহোর আক্ষেপ,‘ আমার সঙ্গে জড়িয়ে থাকা সাফল্যের ইতিহাসের একজন বিশ্বস্ত সৈনিক চলে গেল। অনেক হাতেই নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে। কিন্তু কোস্তার মধ্যে তার থেকেও বেশি কিছু ছিল। ও থাকাতে ড্রেসিংরুমে তাতানোর কাজটা সহজেই হয়ে যেত। ওকে বলতাম ‘জঞ্জাল সাফাইয়ের কাজটা তুমি সার, আমাকে কোচের কাজটা করতে দাও। ড্রেসিংরুমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তোমার। ও নেই এটা ভাবতে পারছি না। কিন্তু কেন জানি মনে হচ্ছে, জর্জ থাকলে বলত, কোচ আমার কথা ভুলে নিজের কাজটা কর। ঠিকঠাক প্রেসকনফারেন্সটা সার। ম্যাচের জন্য তৈরি হও, জেত। এটাই জর্জ।’
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সংক্ষিপ্ত কিন্তু মন ছুঁয়ে যাওয়া বার্তায় কোস্তার ছবি দিয়ে লিখেছেন, ‘ জর্জ কোস্তা অবিনশ্বর। সকলের হৃদয়ে থাকবে চিরকাল।’ পোর্তোর প্রাক্তন ফুটবলার ডেকো শোকবার্তায় লিখেছেন, ‘ জর্জ তোমার সঙ্গে অনেক ট্রফি জয়ের গর্ব চিরকাল থেকে যাবে। ফটবল ইতিহাসে তুমি অমর হয়ে থেকে যাবে।’ পর্তুগালের ফুটবলার পেপের প্রতিক্রিয়া, ‘ তোমার নিষ্ঠা, অবদানের জন্য পর্তুগাল ফুটবল কোনদিন তোমাকে ভুলতে পারবে না। চিরকাল ঋণী থাকবে।’
এক মরশুম(২০০১-২০০২) লোনে প্রিমিয়ার লিগের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের হয়ে খেলেছিলেন কোস্তা। সেকথা মনে রেখে প্রাক্তন চার্লটন বস অ্যালান কারবিশলে বলেছেন, ‘ জর্জ ছিলেন একজন অসাধারন মানুষ। নিজের কথাটা স্পষ্ট ভাষায় তুলে ধরতেন। সকলেই তাঁকে খুব শ্রদ্ধা করতেন। খুব মিস করব এমন একজনকে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
