Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্কঃ নতুন মরশুমের জন্য দল গোছাতে আসরে নেমে পড়েছে আইএসএলের দলগুলি। ইতিমধ্যেই অনেক দল তাদের কোচের পরিবর্তন করেছে। সেই তালিকায় নাম রয়েছে এফসি গোয়াও। প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হল মানোলো মারকিউয়েজ । গত মরশুমে সপ্তম স্থানে থেকে শেষ করতে হয়েছে টুর্নামেন্ট। ফলে কোচ বদলে দলের উন্নতি ঘটাতে মরিয়া এফসি গোয়া। আসন্ন মরশুমে ক্লাবের গত দুই বছরের ব্যর্থতার জন্য এই বছরে তাদের চাপ থাকবে অনেক। গত দুই বছরই একেবারেই ভালো পারফরম্যান্স করেনি তারা।

তবে টুর্নামেন্টের শুরুর দিকে এমনটা ছিল না। এই দল একসময় নিয়মিতভাবে সামনের দল গুলির মধ্যেই ছিল। তবে পরপর ব্যর্থতার জন্য বিশেষজ্ঞ থেকে সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে তারা। তাই টিম ম্যানেজমেন্ট তাদের ত্রুটিগুলি সংশোধন করতে মরিয়া। স্পোর্টসকিডাকে মানোলো মারকিউয়েজ বলেন, ‘আমি এই প্রশ্নের খুব সহজ সাপ্টা উত্তর দিতে পারি। তবে আমি তা দেবো না। কারণ এটা আমি পছন্দ করি না। শেষ মরশুমে আমার কাছে মুম্বই সিটি, হায়দরাবাদ এফসি এবং মোহনবাগান সম্পর্কে বিশেষ কিছু প্রশ্ন করা হয়েছিল। পাঁচ বা ছয় বছরে এই পরিস্থিতি বদলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে মুম্বই বা মোহনবাগানের সঙ্গে অনেক কিছুর পার্থক্য আছে। ওদের কাছে অনেক টাকা আছে ফলে তারা অবশ্যই ভালো ফুটবলারদের আনতে পারে।’

৫৪ বছর বয়সী গোয়ার এই প্রধান কোচ মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান এসজিকে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সাথে তুলনা করেছেন। কারণ তিনি আশা করেন যে এই দুই দল আগামী কয়েক বছরে ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করবে। এই দুই দলের প্রশংসার পাশাপাশি অবশ্যই এফসি গোয়ার প্রধান কোচ নিজের দলের সম্পর্কে অনেক ইতিবাচক রয়েছেন। তারা যে প্লে-অফে জায়গা করে নিতে পারবে সেই বিষয়ে তিনি আশাবাদী।

মানোলো বলেন, ‘অবশ্যই আমরা প্লে-অফে পৌঁছনোর জন্য নিজেদের সবটা দিয়ে লড়াই করব। শেষ চারে পৌঁছানোর পুরো চেষ্টা থাকবে। যদি সম্ভব হয় গত মরশুমে হায়দরাবাদ এফসির মতো দ্বিতীয় স্থানে শেষ করার চেষ্টা করব। একটি ম্যাচে এফসি গোয়া আইএসএল-এর প্রতিটি দলকে ঘরের মাঠে বা বাইরে হারাতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে, এই মুহূর্তে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান এসজি ভারতীয় ফুটবলের বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো। লড়াই করা বেশ কঠিন ‌তবে আমরা লড়াই করার চেষ্টা করব‌। এই ধরনের বিষয় নিয়ে কথা বলা সবসময়ই বিপজ্জনক। অবশ্যই, আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই এবং আমরা শীর্ষে পৌঁছনোর চেষ্টা করব।‘

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *