অলস্পোর্ট ডেস্ক: শিয়রে ডুরান্ড ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা জানেন, ডার্বি না জিতলে সদস্য-সমর্থকরা যেমন হতাশ হবেন, তেমন ফুটবলারদের মনের ওপর প্রভাব ফেলতে পারে। তাও ডার্বিতে পুরো ফোকাস রেখেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার টু-র গ্রুপ পর্বের প্রতিপক্ষ সম্পর্কে নিজের মত জানাতে দ্বিধা করেননি মোলিনা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের গ্রুপে আছে ইরানের সেফান এফসি, জর্ডনের আল হুসেন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি। ১৬ সেপ্টেম্বর যুবভারতীতে আহালের মুখোমুখি হবে মোহনবাগান। ৩০ সেপ্টেম্বর ইস্পাহানে সেফান এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাগানের। ২১ অক্টোবর আম্মানে আল হুসেনের বিরুদ্ধে খেলবে মোলিনা ব্রিগেড। ৪ নভেম্বর যুবভারতীতে আল হুসেনের বিরুদ্ধে ফিরতি ম্যাচ। ২৫ নভেম্বর বাইরের মাঠে প্রতিপক্ষ আহাল এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুবভারতীতে সেফানের মোকাবিলা করবে মোহনবাগান।
ডার্বি নিয়ে কথা বলার ফাঁকেই মোলিনা বললেন, ‘ এইমুহূর্তে আমাদের যাবতীয় ফোকাস ডুরান্ড কাপে। রবিবারের ডার্বিতে। ডুরান্ড অভিযান শেষ হলে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র খেলাগুলো নিয়ে ভাবা শুরু করব। তবে বলতে দ্বিধা নেই, গ্রুপটা বেশ কঠিন। এটাই স্বাভাবিক। এশিয়ার অন্যতম সেরা দলগুলোর বিরুদ্ধে খেলাটাও তো একটা বড় সুযোগ ফুটবলারদের সামনে। এটুকু বলতে পারি, প্রতিপক্ষ যেমনই হোক, আমার দল ভাল লড়বে। ভাল ফলের আশা করছি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র ম্যাচ খেলতে নামার আগে নিজেদের আরও ভালভাবে তৈরি করতে হবে। ডুরান্ডের পর হাতে বেশ কিছুটা সময় থাকবে। আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলা দরকার, এশিয়ার নামী দলগুলোর মোকবিলার আগে।’
মোহনবাগান কোচ মোলিনার এই আত্মবিশ্বাসের কারণ আছে। তাঁর দলে আক্রমণভাগে তিন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন, জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোস। রক্ষণে দুই স্তম্ভ টম আলড্রেড ও আলবার্তো রডড্রিগেজ। একঝাঁক নামী ভারতীয় ফুটবলার একবছর ধরে একসঙ্গে খেলায় দলের শক্তি কয়েকগুন বেড়েছে। তাই সেয়ানে সেয়ানে তিন বিদেশি দলগুলোর সঙ্গে লড়াই সম্ভব, এটা বুঝেছেন তিনি।
গতবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-তে খেলার শুরু করার পরই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়ে মোহনবাগান এসজি। এই কারণে প্রথমে বড় সড় শাস্তির মুখে পড়েছিল সবুজ মেরুন ব্রিগেড। পরে এএফসি বিশ্বের যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে মোহনবাগানের শাস্তি মকুব করে দেয়। বাগানের হেড স্যার মোলিনার আশা, এবার আর তেমন কোনও সমস্যায় নিশ্চয়ই পড়তে হবে না দলকে। ইরানের দল সেফান ইতিমধ্যেই মেইল করে মোহনবাগান কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে এটা বলে, ইরানের ইস্পাহানে নির্ভয়ে খেলতে আসুন। কোনও ভয় নেই। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকবে মোহনবাগান কোচ-ফুটবলারদের জন্য। সময় এলে বোঝা যাবে ইরানে খেলতে যাওয়া কতটা নিরাপদ।
এদিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র প্রথম ম্যাচ ১৬ সেপ্টেম্বর থাকায় ডুরান্ড অভিযান শেষে মোহনবাগান এসজি ভারতীয় শিবিরে ডাক পাওয়া ফুটবলারদের সবাইকে ছাড়বে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাফা নেশনস কাপে খেলতে যাওয়ার জন্য ফুটবলার ছাড়ার অর্থ হল, ওই ফুটবলারদের গ্রুপ পর্যায়ের শেষ খেলা ৪ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়ার কোনও সম্ভবানা নেই। আর যদি ফাইনাল বা তৃতীয়-চতুর্থ স্থানের ম্যাচ খেলে ভারত, তাহলে ফুটবলাররা আটকে থাকেন ৮ সেপ্টেম্বর পর্যন্ত। দেশে ফিরতে ফিরে ক্লাব দলে যোগ দিতে আরও ২দিন। এতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র প্রস্তুতি অনেকটাই মার খাবে। মোলিনা সেটা চাইবেন বলে মনে হয় না। আর বাগান টিম ম্যানেজমেন্টও ফুটবলারদের ছাড়তে চায় না, ভারতীয় দলে ফুটবলাররা গিয়ে চোট পেলে, তাঁদের ফিট করে তোলার কোনও দায় বা দায়িত্ব ভারতীয় ফুটবল ফেডারেশন নেয় না বলে। তাই কাফা নেশনস কাপের মতো আমন্ত্রণী টুর্নামেন্টের জন্য শেষপর্যন্ত যদি মোহনবাগান ফুটবলার না ছাড়ে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ইস্টবেঙ্গল তো ইতিমধ্যেই মেল করে ফেডারেশনকে জানিয়েছে, ডুরান্ড কাপের খেলা শেষ না হওয়া পর্যন্ত তারা কোনও ফুটবলার ছাড়বে না।
সেক্ষেত্রে ভারতীয় দলের নয়া কোচ খালিদকে দুই প্রধানের ফুটবলার ছাড়াই কাফা নেশনস কাপের জন্য দল গড়তে হবে পারে। খালিদের অবশ্য আর কী করারই আছে? তিনি তারকা ফুটবলারদের থেকে বেশি পছন্দ করেন অখ্যাত ফুটবলারদের নিয়ে কাজ করতে। যাঁরা তাঁর কথা শুনে চলবে, এমন ফুটবলারদেরই বেশি করে ডেকেছেন জাতীয় শিবিরে। আর এই কারণে যে সুনীল ছেত্রীকে আগের কোচ মানোলো মারকোয়েজ অবসর ভাঙিয়ে ভারতীয় দলে ফিরিয়েছিলেন, তাঁকে নির্মম ভাবে বাদ দিয়েছেন খালিদ। জাতীয় শিবিরে ডাকার প্রয়োজন মনে করেননি সুনীলের নিজের শহরে প্রস্তুতি শনিবার থেকে শুরু করলেও। সুনীলের পক্ষে এটা রীতিমতো অপমানজনক বিষয় হল। এখন নিশ্চয়ই সুনীল নিশ্চয়ই বুঝতে পারছেন, সময়ে অবসর নিয়ে যে সম্মান তিনি পেয়েছিলেন, তা এখন ধুলোয় লুটোচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
