রবিচন্দ্রন অশ্বিন
অলস্পোর্ট ডেস্কঃ স্কোয়াডে থেকেও দলে জায়গা পেলেন না রবিচন্দ্রন অশ্বিন । প্রথম একাদশে রাখা হবে কিনা, তা নিয়ে চলছিল নানা জল্পনা। পিচে সবুজের আস্তরণ দেখার পর থেকেই সেই নিয়ে চর্চা আরও বেড়েছিল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, বুধবার পিচ দেখেই তাঁরা অশ্বিনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা স্পিনারকে বাদ দিয়েই খেলতে নেমছে টিম ইন্ডিয়া। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিন দুরন্ত ছন্দে ছিলেন। এই মুহূর্তেও সেরা ছন্দে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। তবু তাঁকে বাদ দিয়ে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়েছে। বাকি চার পেসারকে খেলাচ্ছে ভারত।
এ দিনের আগে আর একবার একটি বড় আইসিসি টুর্নামেন্টের স্কোয়াডে থাকলেও, ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন না অশ্বিন। সেটা হল ২০১১ সালের ২ এপ্রিল ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যে টুর্নামেন্টে ভারতীয় স্কোয়াডে থাকলেও, একাদশে ছিলেন না তরুণ অশ্বিন। সেই ম্যাচে হরভজন সিং খেলেছিলেন। আর রিজার্ভ বেঞ্চে ছিলেন অশ্বিন। ১২ বছর পর ২০২৩ সালের ৭ জুন ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য স্কোয়াডে থাকলেও, একাদশে জায়গা হল না অশ্বিনের।
অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে অবশ্য টসের সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় রোহিতকে। তাঁর মতো সেরা অস্ত্রকে কেন খেলানো হচ্ছে না? প্রসঙ্গত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। এবং জানান, ভারত চার জন পেসার নিয়ে খেলবেন। আর একমাত্র স্পিনার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা।
এর পরেই অবশ্য অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে আক্ষেপ করেন রোহিত। বলেন, ‘অশ্বিনকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল। ও আমাদের জন্য ম্যাচ উইনার হয়েছে। ওকে বাদ দেওয়াটা খুব ভালো কোনো বিষয় নয়। তবে যা কন্ডিশনে, সেটার কথা মাথায় রেখে দলের জন্য যেটা ভালো হয়, সেটাই করতে হয়েছে।’ ভারতের একাদশে খুব বেশি চমক নেই। ইশান কিষাণের বদলে উইকেটকিপার হিসেবে যে কেএস ভরত খেলবেন, এটা মোটামুটি ঠিক ছিল। সেটাই হয়েছে। ব্যাটিং লাইনআপে কোনও পরিবর্তন নেই। বোলিংয়েই অশ্বিনের না থাকাটাই বড় ধামাকা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
