অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৬ হল্যান্ড ও বেলজিয়ামে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সুতরাং সেই লক্ষ্যপূরণে ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন যে কোনওরকম পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবেন না, এটা জানাই ছিল। দল ঘোষণার মধ্যে সেটা বোঝাও গেছে। ১৮ সদস্যের দলে সিনিয়র খেলোয়াড়দের সংখ্যারই আধিক্য।
হরমনপ্রীত কাউরের নেতৃত্বে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দল আগামী বিশ্বকাপ হকিতে নিজেদের জায়গা পাকা করতে রাজগিরের মাটিতে লড়বে। দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক সিং। প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ ম্যাচ খেলেই ভারতীয় দল থেকে অবসর নেন গোলকিপার শ্রীজেস। ১৮ সদস্যের দলে ভারতের গোল সামলানোর দায়িত্বে থাকছেন তাই এবার কিশান পাঠক, সুরজ কারকেরা। ডিফেন্ডারা হলেন সুমিত, জার্মানপ্রীত, সঞ্জয়, হরমনপ্রীত, অমিত রোহিদাস, যুগরাজ সিং। মিডফিল্ডার রাজিন্দার সিং, রাজকুমার পাল, হার্দিক সিং, মনপ্রীত, বিবেক সাগর প্রসাদ। ফরোয়ার্ডে মনদীপ সিং, শিলানন্দ লাকরা, অভিষেক, সুখজিত সিং, দিলপ্রীত সিং। স্ট্যান্ডবাই তালিকায় আছেন নীলম সঞ্জীব জেস, সেলভম কারথি।
ভারতীয় হকি কোচ ক্রেগ ফুলটন সিনিয়র ও অভিজ্ঞদের ওপরই বেশি ভরসা রাখছেন এশিয়া কাপে ঘরের মাঠে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচ খেলা দলটাকেই মূলত ধরে রেখেছেন এশিয়া কাপের জন্য। শুধু মিডফিল্ডার সামশের সিং উল্লেখযোগ্য বাদের তালিকায়। আর পিঠের ব্যথা সারানোর রিহ্যাবে থাকার কারণে দলে নেই গুরজান্ত সিং। সেক্ষেত্রে বলা যেতে পারে, পেনাল্টি কর্নার নেওয়ার দায়িত্বটা ভাগাভাগি করে সারবেন হরমনপ্রীত ও যুগরাজ।
এশিয়া কাপ নিয়ে ফুলটনের বক্তব্য, ‘ বিশ্বকাপে যোগ্যতার্জনের দিক থেকে এই টুর্নামেন্টের গুরুত্ব অপরীসিম। কে এই টুর্নামেন্টে এল না , তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যথা নেই। যারা খেলবে, তাদের নিয়েই ভাবতে হবে, মাঠে নেমে সেরা দিতে হবে। এইধরনের মঞ্চে চাপ সামলে সেরা দিতে পারবে, এমন সিনিয়র খেলোয়াড়দেরই বেছেছি। দলের প্রতি বিভাগে একাধিক লিডার আছে। পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ মিলবে জুনিয়রদের দেখে নিতে।’
এদিকে, নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়ানোকে সমর্থন করেননি হকি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ভোলানাথ সিং। তাঁর বক্তব্য, ‘ পাকিস্তান কেন ভারতে এশিয়া কাপ খেলতে আসছে না, তার কারণটা স্পষ্ট নয়। নিরাপত্তাহীনতার যে দোহাই দিচ্ছে পাকিস্তান, তা সঠিক নয়। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা পাকিস্তানের থেকে অনেক ভাল ভারতে। নিজেদের ওপর ভরসা না থাকলে, অনেকেই নানা অজুহাত দেয়। তবে যারা অংশ নিচ্ছে রাজগিরের এশিয়া কাপে তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। সফলভাবে প্রতিযোগিতা আয়োজনে কোনও ত্রুটি রাখব না।’
ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পারগত সিংও নিরাপত্তার কার্ড খেলে পাকিস্তানের এশিয়া কাপ খেলতে না আসার কারণ মানতে নারাজ। তাঁর সাফ বক্তব্য, ‘ ভারতের মাটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা আছে বলে মনে করি না। ওটা একটা অজুহাত মাত্র। আসলে পাকিস্তান হকি দলের খেলার মান নিম্মমুখী। আভ্যন্তরীন ঝামেলায় জেরবার। সেটাই এশিয়া কাপ খেলতে না আসার কারণ হলে অবাক হওয়ার কিছু নেই।’
৮ দলীয় এশিয়া কাপে ভারত রয়েছে পুল এ-তে জাপান, চীন ও কাজাখস্তানের সঙ্গে। পুল বি-তে আছে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও চাইনিজ তাইপে। ২৯ আগস্ট প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে ভারত, কোরিয়ার সামনে চাইনিজ তাইপে। ৩১ আগস্ট ভারতের প্রতিপক্ষ জাপান। ১ সেপ্টেম্বর প্রতিপক্ষ কাজাখস্তান। সুপার ফোরের খেলা চলবে ৩-৬ সেপ্টম্বর। সুপার ফোরের শীর্ষে থাকা দু’দলের মধ্যে ফাইনাল ৭ সেপ্টেম্বর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
